নওগাঁ শহরের আনন্দনগর এলাকায় রেহেনা পারভীন (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে পুলিশ তাঁর স্বামী আল আমীনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এদিকে গতকাল শুক্রবার রাজশাহীর তানোর উপজেলার দরগাডাঙ্গা এলাকা থেকে অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) সমীর সূত্রধর জানান, জেলার মান্দা উপজেলার পলাশবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে আল আমীন ছয় বছর আগে একই উপজেলার কয়লাবাড়ি গ্রামের আহসান মোল্লার মেয়ে রেহেনা পারভীনকে বিয়ে করেন। দুই বছর ধরে তাঁরা নওগাঁ শহরের আনন্দনগর মহল্লায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। রেহেনা আল আমীনের দ্বিতীয় স্ত্রী। বুধবার দিবাগত রাতে আল আমীন মুঠোফোনে প্রথম স্ত্রীর সঙ্গে কথা বলেন। এ নিয়ে রেহেনার সঙ্গে আল আমীনের ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীর গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাস রোধে করে লাশ জানালার শিকের সঙ্গে ঝুলিয়ে রাখেন আল আমীন। গত বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় আল আমীনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রেহেনার মা আয়শা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। লাশের মাথায় তিনটি ও ডান হাতে একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পরনে ছিল জিনসের প্যান্ট ও গেঞ্জি।