নওয়াপাড়ায় বেশি দামে সার বিক্রি চলছেই
দেশের অ-ইউরিয়া সারের (টিএসপি, এমওপি ও ডিএপি) সবচেয়ে বড় বিপণনকেন্দ্র যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে টিএসপি ও ডিএপি সার বিক্রি হচ্ছে। এর মধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে ছাড় দেওয়া হয়নি এমন সারও রয়েছে।
কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত প্রতি বস্তা (৫০ কেজির) টিএসপি সারের খুচরামূল্য এক হাজার ১০০ টাকা (২২ টাকা প্রতি কেজি), এমওপি ৭৫০ টাকা (১৫ টাকা প্রতি কেজি) ও ডিএপি এক হাজার ৩৫০ টাকা (২৭ টাকা প্রতি কেজি)।
অনুসন্ধানে জানা গেছে, আমদানি করা সারের মধ্যে বিভিন্ন দেশের সার রয়েছে। কিন্তু কৃষকের পছন্দ তিউনিসিয়ায় উৎপাদিত টিএসপি (কালো), বেলারুশে উৎপাদিত এমওপি এবং অস্ট্রেলিয়ায় উৎপাদিত ডিএপি সারের। বর্তমানে এমওপি সারের চাহিদা কম। কৃষকের পছন্দের বিষয়টি মাথায় রেখে বেসরকারি আমদানিকারকেরা কিছুটা সংকট দেখিয়ে বেশি দামে ওই সার বিক্রি করছেন।
গত এক সপ্তাহ নওয়াপাড়া বাজার ঘুরে তিউনিসিয়ায় উৎপাদিত টিএসপি (কালো) এক হাজার ১২০ টাকা থেকে এক হাজার ১৫০ টাকা, অস্ট্রেলিয়ায় উৎপাদিত ডিএপি সার এক হাজার ৫১৮ টাকা থেকে এক হাজার ৫৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আমদানিকারকদের কাছ থেকে ব্যবসায়ীরা ওই সার কিনে মজুদ করছেন। পরে তা অন্য জেলার ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করছেন। মজুদ করা ওই সার আসন্ন বোরো মৌসুমে কৃষক কিনবেন আরও বেশি দাম দিয়ে।
১৬ অক্টোবর প্রথম আলোতে ‘ভর্তুকির সার বিক্রি হচ্ছে যশোরে, ভুয়া আগমনী বার্তা যাচ্ছে রাজশাহীতে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিন দুপুর পর্যন্ত আমদানিকারকেরা নওয়াপাড়ায় সব ধরনের সার বিক্রি বন্ধ রাখেন। কিন্তু বিকেল থেকে আবার বেশি দামে সার বিক্রি শুরু হয়। বিক্রি করা সারের মধ্যে অস্ট্রেলিয়ায় উৎপাদিত ডিএপি সার কৃষি মন্ত্রণালয় এখন পর্যন্ত বরাদ্দ দেয়নি বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয় থেকে চলতি অর্থবছরে তিউনিসিয়ায় উৎপাদিত টিএসপি (কালো) সার বরাদ্দ দেওয়া হয়েছে। তবে অস্ট্রেলিয়ায় উৎপাদিত ডিএপি সারের বরাদ্দ এখনো দেওয়াই হয়নি। আমদানিকারকেরা ওই সার বিক্রি করে অপরাধ করছেন।’
নওয়াপাড়ার মোহনা ট্রেডিংয়ের মালিক শহিদুল ইসলাম বলেন, ‘আমরা মূলত কমিশনের ব্যবসা করি। নওয়াপাড়ার আমদানিকারকেরা আমাদের বস্তাপ্রতি দুই টাকা কমিশন দেন। আমরা ওই দুই টাকা লাভে সার অন্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করি।’
একতা ট্রেডিংয়ের মালিক ফরহাদ হোসেন বলেন, ‘আমি আমদানিকারকদের কাছ থেকে সার কিনে বিক্রি করি না। অফিসে আসেন, এ ব্যাপারে কথা বলা যাবে।’
বেসরকারি সার আমদানিকারী প্রতিষ্ঠান মেসার্স শেখ ব্রাদার্সের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি অতখানি সত্য না। এ ব্যাপারে আমি কিছু জানি না। বেশি দামে সার বিক্রিও করি নাই। আমার নামে কেউ বানোয়াট কথা বললে আমি কী করব?’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব নিত্যরঞ্জন বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘ডিলার সার উত্তোলনের পর আমরা তদারকি করে থাকি। তবে নীতিমালা অনুসারে আমদানিকারকদের ওপর আমাদের তদারকির কোনো সুযোগ নেই।’