নকল ওষুধ ও খাদ্যসামগ্রী জব্দ
মুন্সিগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি গুদাম থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ ও খাদ্যসামগ্রী জব্দ করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উপজেলার মিরকাদিম পৌরসভার গোপালনগর গ্রামে গত বুধবার রাতে ওই অভিযান চালানো হয়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে তিনি জানান, খবর পেয়ে গত বুধবার রাতে গোপালনগর গ্রামে ডিবির একদল সদস্য অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে ওই গ্রামের আফজাল হোসেনের ছেলে হাসান ব্যাপারীর বাড়িতে নকল ওষুধ ও খাদ্যসামগ্রীর একটি গুদামের সন্ধান পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ১৫ হাজার ৪৭৬ বোতল শক্তিবর্ধক সিরাপ, ১২০টি নকল এনার্জি স্যালাইন, ২২৩ বোতল নকল নারকেল তেল ও ৪৮০ বোতল নকল ম্যাঙ্গো জুস জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ১১ লাখ ২৪ হাজার টাকা।
পরে এসব ওষুধ ও খাদ্যপণ্যের মালিক হাসান ব্যাপারীকে (৩৯) গ্রেপ্তার করে ডিবি পুলিশ।