নকল ওষুধ জব্দ, কারখানা সিলগালা
ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় অবস্থিত একটি কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির কাঁচামাল জব্দ করেছে র্যাব। গত সোমবার রাতে র্যাব এ অভিযান চালায়। এ সময় কারখানার মালিকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানাটি সিলগালা করে দেন।
আটক ব্যক্তিরা হলেন কারখানার মালিক বদিউর রহমান ও কর্মচারী সজীব।
র্যাব-১৪ সূত্রে জানা যায়, উপজেলার চুরখাই জামতলা এলাকায় কোরাল ফুড ইন্ডাস্ট্রিজ নামের খাদ্যসামগ্রী প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানে নকল ওষুধ তৈরি হয় বলে গোপন সূত্রে খবর পায় র্যাব-৬। সোমবার রাত সাড়ে ১১টায় র্যাব-৬ ও র্যাব ১৪ যৌথভাবে ওই কারখানায় অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির কাঁচামাল জব্দ করা হয়। এ সময় প্রথমে ওই প্রতিষ্ঠানের কর্মচারী সজীবকে আটক করা হয়। সজীবের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে কারখানার মালিক বদিউর রহমানকে আটক করা হয়। রাতেই জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন কারখানাটি সিলগালা করে দেন।
র্যাব সূত্রে জানা গেছে, ওই চক্রটি আগে খুলনায় নকল ওষুধ তৈরি করত। তারা দেশের নামীদামি বিভিন্ন কোম্পানির নামে নকল ওষুধ বাজারজাত করে আসছিল।