নকল ওষুধ প্রস্তুতকারক, সন্ত্রাসীর চেয়ে বড় শত্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, নকল ও ভেজাল ওষুধ প্রস্তুতকারক এবং বিক্রেতা দেশ ও জাতির জন্য সন্ত্রাসীর চেয়েও বড় শত্রু। এদের প্রতিরোধ করা দরকার।
ওষুধের নকল, ভেজাল ও অনিয়ম প্রতিরোধে গতকাল রোববার সকালে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাংগীর হোসেন মল্লিক। প্রধান বক্তা ছিলেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. ছাদেকুর রহমান। সমিতির চট্টগ্রামের সভাপতি সমীর কান্তি সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের পরিচালক এ এ সেলিম বারামী ও সমিতির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল হাই।
মহাপরিচালক বলেন, সম্পূরক খাদ্য, মেয়াদোত্তীর্ণ, নষ্ট, ভেজাল, নকল ও অনিবন্ধিত কোম্পানির ওষুধ বিক্রি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।
মো. জাহাংগীর হোসেন আরও বলেন, যেসব দোকানের ছাড়পত্র নেই, তারা যেন অবিলম্বে তা নিয়ে নেয়। নইলে দোকান বন্ধ করে দেওয়া হবে।
মহাপরিচালক বলেন, পার্বত্য চট্টগ্রামের দোকানিরা তাঁদের ছাড়পত্র নবায়ন ফেনীর পরিবর্তে চট্টগ্রাম যাতে করতে পারেন, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
মো. ছাদেকুর রহমান বলেন, ‘সম্পূরক খাদ্য ঔষধ প্রশাসনের অনুমোদনহীন। কিন্তু ডাক্তাররা এসব লেখেন বলে আমাদের বিক্রি করতে হয়। ডাক্তাররা যদি এগুলো লেখা (প্রেসক্রাইব) বন্ধ না করেন, তাহলে ১৬ ও ১৭ ডিসেম্বর সারা দেশে আমরা ধর্মঘট করব।’
সভায় বক্তারা বলেন, নকল ও ভেজাল ওষুধ ক্যানসারের চেয়েও ভয়ংকর। এই নকল ও ভেজালকারীদের চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। নইলে জাতি তাদের কাছ থেকে নিস্তার পাবে না।