নকল ওষুধের কারখানায় অভিযান, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের ছোট বনগ্রাম ভাড়ালিপাড়া এলাকায় সোনালী ল্যাবরেটরিজ নামের একটি নকল ওষুধের কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে বিপুল পরিমাণ নকল আয়ুর্বেদিক ও শক্তিবর্ধক ওষুধ, ওষুধ তৈরির বিভিন্ন উপাদান, সরঞ্জামসহ দুজনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিচালিত অভিযানে আটককৃতরা হচ্ছেন কারখানার কর্মচারী নাটোরের গৌরীপুর এলাকার কামাল হোসেন এবং রাজশাহীর পবা উপজেলার তেঁতুলিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে জুয়েল রানা। কারখানার মালিক আবদুল জলিল আত্মগোপন করেছেন। আবদুল জলিল ওই এলাকার নজরুল ইসলাম নামে অপর এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে ভেজাল ওষুধ তৈরি করে আসছিলেন।
অভিযানে ওই কারখানা থেকে আমলকী গোল্ড নামের নকল আয়ুর্বেদিক ওষুধ, অ্যালকালি নামের হোমিওপ্যাথিক মাদার টিংচার, আরও লেবেলবিহীন তরলভর্তি প্লাস্টিকের বোতল, বিভিন্ন ধরনের তরল ও গুঁড়া রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়। এ ছাড়া নাপা, অ্যালডিভিট, ডেক্সট্রিন, স্পিরিলুনা ও নগেন্দ্র নামের বড়ির খালি পাতা ওই কারখানায় পাওয়া গেছে।
নগরের শাহ্ মখদুম থানার ওসি সায়েদুর রহমান ভূঁইয়া জানান, সোনালী ল্যাবরেটরিজের কোনো নিবন্ধন নেই। বিশেষ ক্ষমতা আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা হবে বলে জানান ওসি।
আটক কামাল ও জুয়েল জানান, মাত্র এক মাস আগে তাঁরা ওই ওষুধ কোম্পানিতে কাজ শুরু করেছেন। কামাল বেতন পেতেন চার হাজার এবং জুয়েল তিন হাজার টাকা।