নকল করতে না দেওয়ায় ছাত্রলীগের তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের হামলা-ভাঙচুরে পণ্ড হয়ে গেছে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়ার খলিলুর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা। তাঁরা এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নির্বাচনী পরীক্ষায় একে অন্যের খাতা থেকে দেখে লেখার সুযোগ না দেওয়ায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ছাত্রী আহত হয়েছে।

কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল ১০টায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী দ্বাদশ শ্রেণির চারটি বিষয়ের নির্বাচনী পরীক্ষা শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে বিজ্ঞান শাখার রসায়ন বিষয়ের পরীক্ষার হলে ছাত্রলীগের কয়েকজন কর্মী নিজেদের খেয়ালখুশিমতো বেঞ্চে বসে একে অন্যের খাতা দেখে পরীক্ষা দেওয়া শুরু করেন। এ সময় হলে দায়িত্বরত শিক্ষক তাঁদের সরে বসতে বলেন। তখন ছাত্রলীগ কর্মীরা সরে না বসে ‘দেখাচ্ছি’ বলে হল থেকে বেরিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ওই ছাত্রলীগ কর্মীরা দলবল ও লাঠিসোঁটা নিয়ে কলেজ ক্যাম্পাসে এসে এলোপাতাড়ি হামলা-ভাঙচুর শুরু করেন। তাঁরা এ সময় পরীক্ষার হলের ভেতরে-বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। একই সময় তাঁরা প্রতিটি কক্ষে ঢুকে পরীক্ষার্থীদের বের করে দেন। এ সময় তাঁদের ছোড়া বেঞ্চের আঘাতে আছমা আক্তার (১৭) নামের এক ছাত্রী আহত হয়। ভয়ে পরীক্ষার্থীরা দিগ্‌বিদিক ছোটাছুটি করতে থাকে। পরে কলেজ ছাত্রলীগের নেতারা ঘটনাস্থলে এলে হামলাকারীরা সরে যান। খবর পেয়ে সোনাইমুড়ী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উদ্ভূত পরিস্থিতিতে কৃষি, অর্থনীতি, সমাজবিজ্ঞান ও রসায়নবিজ্ঞান বিষয়ের পরীক্ষা স্থগিত করে কলেজ কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় জড়িত ছাত্ররা ছাত্রলীগের কর্মী। তাঁরা ১০টি বেঞ্চ, তিনটি চেয়ার ভাঙচুর করেছেন। এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতা, কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে বুধবার (আজ) সকালে বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে হামলাকারী কেউ ছাত্রলীগের কর্মী নয় দাবি করে এ বিষয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, হামলা-ভাঙচুরের খবর পেয়ে তিনি কলেজে যান। যাঁরা হামলা-ভাঙচুর করেছেন, তাঁরা ঠিকমতো কলেজে আসেন না, পড়ালেখাও করেন না। তাঁরা ছাত্রলীগের কেউ নন, তাঁরা অপরাধী।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা বলেন, কলেজে হামলা-ভাঙচুরের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ততক্ষণে হামলাকারীরা ক্যাম্পাস ত্যাগ করেন। ঘটনার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।