নকল করতে না দেওয়ায় শিক্ষককে লাঞ্ছিত
লক্ষ্মীপুর সরকারি কলেজের এক শিক্ষককে ওই কলেজেরই এক ছাত্র ও ছাত্রলীগের নেতা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার পরীক্ষা দেওয়ার সময় নকল করতে না দেওয়ায় ওই ছাত্র তাঁকে লাঞ্ছিত করেন। ওই ছাত্রের নাম সৌরভ হোসেন। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য।
সৌরভ হোসেন মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় গতকাল বিকেলে অনুষ্ঠিত শিক্ষক পরিষদের জরুরি সভায় সৌরভ হোসেন ও তাঁর সহযোগী নাহিদ হোসেনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষক ও সাধারণ ছাত্ররা অভিযোগ করেন, গতকাল কলেজে অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। ছাত্রলীগের নেতা সৌরভ হোসেন পরীক্ষার হলে নকল করছিলেন। নকল করতে দেখে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আবুল হাসান সৌরভের নকল কেড়ে নেন। এতে সৌরভ ক্ষিপ্ত হয়ে তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি ও মারধর করেন।
ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম দাবি করেন, শিক্ষককে মারধরের ঘটনা মিথ্যা।