নকল কারখানা সিলগালা, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভেজাল খাদ্য তৈরির একটি কারখানা সিলগালা করা হয়েছে। আটক করা হয়েছে কারখানাটির ব্যবস্থাপক এবং তিনজন কর্মচারীকে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বরদিয়া আড়ং বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ওই কারখানা সিলগালা করে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘জুঁই ফুড প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ’ এর নাম ব্যবহার করে ওই কারখানায় ভেজাল খাদ্য তৈরি করে তা বাজারজাত করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শহিদুল ইসলাম।

ইউএনওর কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কারখানাটির মালিকের নাম মো. জুম্মন। তাঁর বাড়ি মতলব উত্তর উপজেলার আমিরাবাদ গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি জুঁই ফুড প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজের পণ্যের মোড়ক নিজের কারখানায় উৎপাদিত ভেজাল পণ্যে ব্যবহার করে তা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল তিনটায় পুলিশের কয়েকজন সদস্যকে নিয়ে ওই কারখানায় অভিযান চালান ইউএনও শহিদুল ইসলাম। বৈধ কাগজপত্র না থাকায় তিনি কারখানাটি সিলগালা করে দেন। এ সময় পুলিশ ওই কারখানার ব্যবস্থাপক সবুজ হোসেন এবং কর্মচারী রুবেল খান, মো. কাইয়ুম ও এমদাদুল হককে আটক করে। সবুজের বাড়ি পাবনা জেলা সদরে, কাইয়ুমের বাড়ি মতলব দক্ষিণ উপজেলায় এবং রুবেল ও এমদাদুলের বাড়ি মতলব উত্তর উপজেলায়।

মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। কাল বুধবার সকালে তাঁদের চাঁদপুর বিচারিক হাকিম আদালতে হাজির করা হবে।

ইউএনও শহিদুল ইসলাম বলেন, ব্যবসায়িক অনুমতিপত্র ও বৈধ কাগজপত্র না থাকায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। নকল খাদ্যদ্রব্য উৎপাদন, বিক্রি ও ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে আটক করা হয় চারজনকে।