নকল ননি দিয়ে ভেজাল দুধ

খামারিরা ঘোষের (দুধ ব্যবসায়ী) কাছে এক মণ দুধ বিক্রি করেন প্রায় ১ হাজার ৬০০ টাকা। অসাধু ঘোষেরা প্রথমেই সেই দুধ থেকে প্রায় সাড়ে তিন কেজি ননি (ক্রিম) বের করেন। প্রতি কেজি ২৬০ টাকা হিসেবে ননিগুলো বিক্রি হয় ৮০০ থেকে ৮৫০ টাকায়।
দুধে ননির ঘাটতি মেটাতে ঘোষ এবার ব্লেন্ডারে দেড় কেজি পাম অয়েল নিয়ে তাতে সমপরিমাণ দুধ মেশান। এরপর ব্লেন্ড করে তৈরি করেন নকল ননি। এই ননি তৈরিতে খরচ পড়ে বড়জোর ১৫০ টাকা। অর্থাৎ এক মণ দুধ কিনে বিক্রি করার আগেই অসাধু পন্থায় অন্তত ৬৫০ থেকে ৭০০ টাকা আয় করছেন ঘোষ।
পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার ভেজাল দুধ ব্যবসায়ীরা নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন। অতি সম্প্রতি এ দুটি উপজেলার বেশ কয়েকটি গ্রাম ঘুরে ভেজাল দুধ তৈরির নতুন এই চিত্রসহ আরও বেশ কিছু তথ্য জানা যায়। দুধে আগের মতো শুধু ছানার পানিতে ননি ও রাসায়নিক মিশিয়ে নয়, এখন আরও নতুন পদ্ধতিতে তৈরি করা হচ্ছে এই ভেজাল দুধ।
সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর ভেজাল দুধ তৈরির সঙ্গে জড়িত কয়েকজন পালিয়ে বেড়াচ্ছেন।
বেড়া ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আব্দুস সালাম ও রেজাউল ইসলাম জানান, তাঁরা ভেজাল দুধ তৈরির সঙ্গে জড়িত অর্ধশতাধিক ব্যক্তির নাম পেয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
অনুসন্ধানে দুটি উপজেলার অর্ধশতাধিক ঘোষের কথা জানা যায়, যাঁরা ভেজাল দুধ তৈরি ও কারবারের সঙ্গে জড়িত, তাঁদের বেশির ভাগই এখন নতুন কৌশলের আশ্রয় নিয়েছেন। আগে তাঁরা নিজেদের বাড়িতে এ কারবার চালালেও অনেকে এখন অন্যের বাড়ি ভাড়া নিয়েছেন। গোপন ব্যবসার জারিজুরি ফাঁস হওয়ার ভয়েই মূলত এ পথ তাঁদের।
অনুসন্ধানে জানা যায়, বেড়া-সাঁথিয়ায় প্রায় ১০ বছর ধরে ভেজাল দুধ তৈরি করছে একশ্রেণির দুধ ব্যবসায়ী। প্রথম কয়েক বছর ছানার পানিতে ননি, গুঁড়ো দুধ, চিনি (প্রতি মণে এক কেজি), লবণ, খাবার সোডা (সোডিয়াম কার্বনেট) ও দুধের কৃত্রিম সুগন্ধি (অ্যাসেন্স) মিশিয়ে ভেজাল দুধ তৈরি হতো। এ নিয়ে ২০০৮ সালের ৩১ অক্টোবর প্রথম আলোর প্রথম পাতায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তৎপর হয়ে ওঠে প্রশাসন। প্রশাসনের অভিযান ও ধরপাকড়ের ফলে ভেজাল দুধ তৈরি প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। বছর দুয়েক বন্ধ থাকার পর ভেজালকারীরা কিছুদিন থেকে আবারও তৎপর হয়ে উঠেছে। বর্তমানে আগের চেয়েও বেশি হারে ভেজাল দুধ তৈরি হচ্ছে। পাল্টানো হয়েছে পদ্ধতিও।
নাম প্রকাশ না করার শর্তে তিনজন ঘোষ জানান, ননিই হলো দুধের প্রাণ। দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো দুধে কী পরিমাণ ননি আছে, তার ভিত্তিতেই দুধের দাম নির্ধারণ করে থাকে। এ ছাড়া ঘি ও ছানা তৈরির কারাখানাগুলোও দুধে ননির পরিমাণের ভিত্তিতে দুধ সংগ্রহ করে থাকে। তাই ভেজালকারীরা ননিবিহীন দুধে নকল ননি ও পানি মিশিয়ে তা আসল দুধ হিসেবে বিভিন্ন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে সরবরাহ করে থাকে।
গ্রামগুলোতে ভেজাল দুধ তৈরির কাজ চলে সাধারণত ভোর থেকে সকাল আটটা-নয়টা এবং সন্ধ্যার পর থেকে রাত নয়টা-দশটা পর্যন্ত। এসব বাড়িতে দূর থেকেই শোনা যায় ব্লেন্ডার মেশিন দিয়ে নকল ননি তৈরির শব্দ।
পাবনার বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া ও সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলা নিয়ে গড়ে উঠেছে দেশের প্রধান দুধ উৎপাদনকারী এলাকা। দিনে প্রায় পাঁচ লাখ লিটার দুধ উৎপাদন হয় এই এলাকায়। এ এলাকা থেকে সরকারি দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটা এবং বেসরকারি ব্র্যাক (আড়ং দুধ), প্রাণ, আকিজ (ফার্ম ফ্রেশ), আফতাবসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান দুধ সংগ্রহ করে থাকে। দুধ সংগ্রহের জন্য এসব প্রতিষ্ঠান ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে স্থাপন করেছে প্রচুর শীতলীকরণ ও সংগ্রহ কেন্দ্র। দীর্ঘসময় ভালো রাখার জন্য দুধ এসব শীতলীকরণ কেন্দ্রে রাখা হয়। অভিযোগ রয়েছে, ভেজালকারীরা বেসরকারি প্রতিষ্ঠানের কিছু শীতলীকরণ কেন্দ্রের ব্যবস্থাপক অথবা তত্ত্বাবধায়ককে হাত করে সেখানে ভেজাল দুধ সরবরাহ করছে।
তবে, কয়েকটি বেসরকারি দুধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করলে তাঁরা প্রত্যেকেই নিজ নিজ প্রতিষ্ঠানের সংগৃহীত দুধ শতভাগ ভেজালমুক্ত বলে দাবি করেন।