নকল পণ্য তৈরি, তিন কারখানার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকল মশার কয়েল, ডিটারজেন্ট পাউডার ও কাপড় কাচার সাবান তৈরির অপরাধে তিনটি কারখানার মালিক-কর্মকর্তাদের সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার মাতুয়াইলের রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন আদালত।

কারখানা তিনটি হলো, শান্তা কেমিক্যাল কোম্পানি, জামিল কনজ্যুমার লিমিটেড ও ন্যাশনাল কনজ্যুমার প্রোডাক্টস।
আদালতের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, বিএসটিআই এর অনুমতি না নিয়ে নামীদামি কোম্পানির লোগো ব্যবহার করে শান্তা কেমিক্যাল কোম্পানিতে মশার কয়েল তৈরি হতো। অভিযান চালিয়ে তাদের কারখানায় মেয়াদোত্তীর্ণ মশার কয়েলও পাওয়া যায়। এসব কারণে কারখানাটির মালিক কবির হোসেন ও তত্ত্বাবধায়ক মুক্তার হোসেনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভেজাল উপাদান দিয়ে ডিটারজেন্ট পাউডার তৈরি ও নকল লোগো ব্যবহার করে বিক্রি করছিল জামিল কনজ্যুমার লিমিটেড। এ অপরাধে কারখানাটির মালিক নজরুল ইসলাম ও ব্যবস্থাপক মো. নজরুলকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
সারওয়ার আলম জানান, অনুমোদনহীন লোগো ব্যবহার করে কাপড় কাচার সাবান তৈরির কারণে ন্যাশনাল কনজ্যুমার প্রোডাক্টস নামের কারখানার মালিক মোয়াজ্জেম হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।