নকল প্রসাধনী কারখানার সন্ধান, লাখ টাকা জরিমানা
পাবনা সদর উপজেলার আরিফপুর মহল্লায় গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে ‘তাসমিম কসমেটিকস’ নামে নকল প্রসাধনী তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত কারখানা থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করেন এবং কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানা ইসলাম ও র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার বীণা রানী দাস।
র্যাব-১২ পাবনা ক্যাম্প সূত্রে জানা যায়, মহল্লার বাবু প্রামাণিকের স্ত্রী শারমিন খান নিজ বাড়িতে প্রসাধনী তৈরির ওই কারখানা গড়ে তোলেন। কারখানাটিতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন নামীদামি প্রতিষ্ঠানের নামে প্রসাধনী তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযানটি চালানো হয়। এ সময় এক্স, ফগ, কোবরাসহ বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির নামে নকল বডি স্প্রে, রং ফরসাকারী নকল ক্রিম, বডি লোশন, ফেসওয়াশসহ ১৪ ধরনের প্রসাধনী জব্দ করে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। পরে কারখানার মালিককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত জব্দ করা মালামাল ধ্বংস ও কারখানা মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন।