নকল ফোন বিক্রি চারজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিরপুলের মোতালিব প্লাজায় গতকাল বুধবার অভিযান চালিয়ে নকল মুঠোফোন বিক্রি করার দায়ে র্যা বের ভ্রাম্যমাণ আদালত চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। আদালত আরও ২২ জনকে ৩৪ লাখ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত নামকরা বিভিন্ন কোম্পানির ২ কোটি টাকা মূল্যের ১ হাজার ৬০০ মুঠোফোন জব্দ করেন। র্যা ব সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে র্যা ব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মোতালিব প্লাজার পঞ্চম তলায় অভিযান চালান। আদালত বিভিন্ন দোকানে দেখতে পান, বিদেশ থেকে আনা নিম্নমানের ফোনের যন্ত্রাংশ সংযোজন করে নামকরা ফোনের লোগো ব্যবহার করে ক্রেতাদের প্রতারিত করা হচ্ছে। এসব মুঠোফোন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরীক্ষা ছাড়া বিক্রি করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত জানতে পারেন, মুঠোফোনগুলো মাস ছয়েকের মধ্যে অকেজো হয়ে যাবে। অবৈধভাবে বাজারজাত করার কথা স্বীকার করায় চার দোকানিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। প্রায় একই অপরাধে ২২ জনকে ৩৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। নিজস্ব প্রতিবেদক