নকল বইয়ের ছড়াছড়ি, প্রতিকার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান ১ নম্বর ট্রাফিক মোড়, বিজয় সরণি মোড়সহ বিভিন্ন ব্যস্ত সড়কের সিগন্যালে গাড়ি থামলেই হাতে এক গাদা বই নিয়ে বিক্রেতারা এসে দাঁড়ায় গাড়ির পাশে। খুব চেনা এই দৃশ্য। বাংলা ও ইংরেজি ভাষার বিভিন্ন ধরনের বই, দেশি-বিদেশি সাময়িকী পাওয়া যায় তাদের কাছে। সম্প্রতি এই ভ্রাম্যমাণ বইয়ের পসরায় যোগ হয়েছে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত এ কে খন্দকারের ১৯৭১: ভেতরে বাইরে বইটি। তাদের কাছে যে বইটি পাওয়া যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই তা নকল।
১৯৭১: ভেতরে বাইরে বইটির প্রকাশনা অনুষ্ঠান হয় ২ সেপ্টেম্বর, ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে। বাজারে আসার পরপরই বইটি পাঠক মহলে আলোচিত হয়। মাত্র তিন দিনের মাথায় ৪ সেপ্টেম্বর প্রথম সংস্করণের সব কপি শেষ হয়ে যায়। এরপর সামান্য কিছু সংশোধন করে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ৬ সেপ্টেম্বর। প্রথম সংস্করণের মতোই এটিও দ্রুত শেষ হয়। এখন বইটির দ্বিতীয় সংস্করণের ষষ্ঠ মুদ্রণের কপিগুলো বাজারে পাওয়া যাচ্ছে। অফসেট কাগজে ছাপা, শক্তপোক্ত বাঁধাই করা বইটির গায়ে লিখিত মূল্য ৪৫০ টাকা। ২০ শতাংশ কমিশনে এটি বিক্রি হয় ৩৬০ টাকায়। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রথমার বিক্রয় কেন্দ্র এবং অভিজাত বইয়ের দোকানে বইটি পাওয়া যাচ্ছে।
বাজারে আসার পরপরই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ১৯৭১: ভেতরে বাইরে বইটি নকল করে বাজারে ছেড়েছে। গতকাল সোমবার নীলক্ষেতে ফুটপাতের পসরা ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের হাতে এই বইয়ের নকল কপি দেখা যায়। এগুলোর বাঁধাই ভালো নয়, কাগজ ও ছাপা অত্যন্ত নিম্নমানের। দামও নির্ধারিত নয়। একেক জায়গায় একেক দাম হাঁকা হচ্ছে। ভ্রাম্যমাণ বিক্রেতারা বলেছেন, তাঁরা নীলক্ষেত থেকে বইগুলো সংগ্রহ করেছেন। নীলক্ষেতের বিক্রেতারা জানিয়েছেন, বাংলাবাজারের কিছু লোক তাঁদের এসব বই দিয়েছে। তবে তাঁরা সরবরাহকারীর নাম জানাননি।
অনেক দিন থেকেই ঢাকায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী জনপ্রিয় সাহিত্যিকদের গল্প, উপন্যাসসহ বাংলা একাডেমির বাংলা অভিধান, এমনকি পাঠ্যক্রমভুক্ত কিছু কিছু বইও নকল করে বাজারে ছাড়ছে। পথের মোড়ে ও ফুটপাতের পসরায় এসব নকল বইয়ের ছড়াছড়ি। ৮ সেপ্টেম্বর মহানগরের রামপুরার একটি বাঁধাই কারখানা থেকে খিলগাঁও থানার পুলিশ অভিযান চালিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রকাশিত সৈয়দ ওয়ালীউল্লাহর লালসালু উপন্যাসটিসহ সাতটি প্রকাশনীর প্রায় আট হাজার নকল বই উদ্ধার করে। এর মধ্যে রয়েছে প্রথমা থেকে প্রকাশিত মুহম্মদ জাফর ইকবালের প্রডিজি এবং অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হুমায়ূন আহমেদের সাতটি বই, আফসার ব্রাদার্স, জ্ঞানকোষ, অন্বেষা, কাকলী, সময় ও সাগর পাবলিশার্স থেকে একটি করে নকল বই। এ সময় পুলিশ ওই বাঁধাই কারখানার মালিক মোহাম্মদ রফিক খান ওরফে রাজ্জাকসহ ছয়জনকে গ্রেপ্তার করে।
জনপ্রিয় বইয়ের অবাধ নকল প্রকাশনাশিল্পের জন্যও হুমকি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি। তিনি বলেন, জনপ্রিয় বইগুলো নকল হওয়ার ঘটনা শুধু লেখক-প্রকাশকদের জন্য নয়, জাতির জন্যই ক্ষতিকর। এটা চলতে থাকলে জাতি মেধাশূন্য হয়ে পড়বে। নকল প্রতিরোধের জন্য কপিরাইট কর্তৃপক্ষের টাস্কফোর্সকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, কপিরাইট আইনটি সংশোধন করা প্রয়োজন। আগেও বেশ কয়েকবার নকলকারীদের আটক করা হয়েছে। তবে তারা সহজেই জামিনে বেরিয়ে আসে। তা ছাড়া ঢাকার বাইরে নকলবিরোধী কোনো অভিযানই চালানো হয় না। ফলে সারা দেশে অবাধে নকল বই বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে কপিরাইট রেজিস্ট্রার নবীরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দেশের কপিরাইট আইনটি বাধ্যতামূলক নয়। তবে নিবন্ধন করলে আইনগত সুরক্ষা পাওয়া যায়। কপিরাইট আইনে নিবন্ধন না করা হলে তাঁরা আইনত কোনো নকল বই বা মেধাসম্পদের ক্ষেত্রে অভিযান চালাতে পারেন না। নিবন্ধনের নিয়মটি খুব সহজ। মেধাসম্পদের মোট ২১টি বিষয়ে নিবন্ধন করা যায়। আগারগাঁও কপিরাইট কার্যালয়ে এসে আবেদনপত্র পূরণ করে নির্ধারিত হারে অর্থ জমা দিয়ে নিবন্ধন করা যায়। কপিরাইট আইনে নিবন্ধিত হলে সেই মেধাসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তির জীবদ্দশার পরও ৬০ বছর পর্যন্ত মালিকানা সুরক্ষিত থাকে।