নকল বলবর্ধক পানীয় তৈরির কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের উপশহর এলাকায় নকল বলবর্ধক পানীয় (এনার্জি ড্রিংকস) ও দেশি মদ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। গত শনিবার রাতে পুলিশ সেখান থেকে বিপুল পরিমাণ পানীয় ও দেশীয় মদ উদ্ধার করেছে। এ সময় পুলিশ কারখানার মালিককে গ্রেপ্তার করেছে। তাঁর নাম জুয়েল রানা (৩২)৷
থানা-পুলিশ জানায়, শনিবার রাত ১২টার দিকে নগরের উপশহর পানির ট্যাংকি এলাকার জুয়েল রানার এ-১৪৬ নম্বর বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়িতে জুয়েল তাঁর পরিবার নিয়ে থাকেন। কারখানাটি বাড়ির এক পাশে। সেখান থেকে ‘সেভেন হর্স পাওয়ার’ নামের একটি পানীয়ের ১০০ এমএলের ১৪০টি বোতল, ২৭০ এমএলের ৩৯০টি বোতল, পাওয়ার প্লাস নামের আরেকটি পানীয়ের ২৭০ এমএলের ১৩০টি বোতল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫০ লিটার দেশি মদ, মদ তৈরির যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, ও অন্যান্য সমাগ্রী জব্দ করা হয়েছে।
রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক ব্রজ গোপাল জানান, প্রায় দুই বছর ধরে ওই ব্যক্তি নকল এনার্জি ড্রিংকস তৈরির কারখানাটি চালাচ্ছিলেন। প্রতি মাসেই কয়েক হাজার ক্যান নকল ‘পাওয়ার প্লাস’ ও ‘হর্স পাওয়ার’ পানীয় বাজারজাত করে আসছিলেন তিনি। অ্যালকোহল ছাড়াও ক্ষতিকারক কিছু উপাদান দিয়ে ওই পানীয় তৈরি করা হতো। সম্প্রতি সেখানে মদ তৈরির কাজও শুরু হয়েছিল।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, রানার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।