নকল সন্দেহে ১১০০ শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র জব্দ চট্টগ্রামে
চট্টগ্রাম নগরের মাদারবাড়ী এলাকার একটি গুদাম থেকে গতকাল বুধবার নকল সন্দেহে বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ১০০টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান সাংবাদিকদের বলেন, মিথ্যা ঘোষণা দিয়ে এসব শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র আমদানি করা হয়। পূর্ব মাদারবাড়ীর ন্যাশনাল ট্রান্সপোর্টের গুদাম থেকে এসব যন্ত্র জব্দ করা হয়। জেনারেল, মিডিয়া, এলজি ও প্যানাসনিক ব্র্যান্ডের নামে ১ হাজার ১০০টি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র জব্দ পাওয়া গেছে গুদামটিতে। তিনি বলেন, কুমিল্লার বুড়িচংয়ে অবস্থিত মেসার্স এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামের একটি প্রতিষ্ঠানের জন্য এসব পণ্য মজুত করা হয়।
সাংবাদিকদের মইনুল খান বলেন, এসব পণ্যের আমদানির পক্ষে কোনো কাগজপত্র গুদাম কর্তৃপক্ষ দাখিল করতে পারেনি। এসব পণ্য বাজারজাত করে একশ্রেণির লোক ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার পাশাপাশি সরকারকে বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত করছে। মিডিয়া, প্যানাসনিক, এলজিসহ বিখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্য সাধারণত অন্য কোনো প্রতিষ্ঠান আমদানি করতে পারে না।
শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা জানান, জব্দকৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মধ্যে ১০ টনের ১০০টি এবং বাকিগুলো এক টনের। গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।
এদিকে গতকাল চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়ন কাজ করার সময় চারজন বহিরাগতকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। তাঁরা হলেন আবদুল কাদের, মো. মিজান, মহিন উদ্দিন ও মো. হোসেন। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কাস্টম হাউসের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় নথি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে আসছিলেন এই চারজন। একাধিকবার কাস্টম হাউস থেকে নোটিশ দেওয়া হলেও তাঁরা সরেননি। এই চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।