জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের নকল সরবরাহে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। গতকাল বুধবার নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র এ কথা বলেছে।
হামলায় কনস্টেবল মো. শাহজাহান (২৮) আহত হন। তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল জেএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে চাপরাশিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম ওরফে পুলক কয়েকজন সহযোগীকে নিয়ে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করতে যান। এ সময় পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ তাঁদের কেন্দ্রে ঢুকতে বাধা দেয়। এ নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা সেখান থেকে চলে যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা একটায় পরীক্ষা শেষ হওয়ার পর নজরুলের নেতৃত্বে ছাত্রলীগের ১৫-২০ জন নেতা-কর্মী পুলিশের ওপর হামলা চালান। হামলাকারীরা পুলিশ কনস্টেবল শাহজাহানকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে আক্রান্ত পুলিশ সদস্যকে উদ্ধার করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন প্রথম আলোকে বলেন, পরীক্ষাকেন্দ্রে নকল নিয়ে ঢুকতে বাধা দেওয়ায় নজরুলের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি কাউছার আহমেদ (২৫) ও কর্মী মো. নিক্সন (২০)।
নজরুলের মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম প্রথম আলোকে বলেন, ওই পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে গত মঙ্গলবার একজন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া নকলের অভিযোগে গতকাল দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
যুবকের দণ্ড: রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, পরীক্ষাকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে গতকাল লক্ষ্মীপুরের কমলনগরে মো. ফারুক (২২) নামের এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কমলনগরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ওই জরিমানা করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, গতকাল পরীক্ষা চলাকালে ওই যুবক হাজিরহাট মিল্লাত একাডেমি কেন্দ্রের সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে পড়েন। ওই সময় পুলিশ তাঁকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে জরিমানা করেন। জরিমানার টাকা আদায়ের পর ফারুককে ছেড়ে দেওয়া হয়।