নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নকল সরবরাহে সহায়তা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার খলিলুর রহমান নামের ওই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
ইউএনও মো. শাহীনুর ইসলাম বলেন, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার বৈদ্যেরবাজার এনএএম পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরুর দিন থেকে শিক্ষক খলিলুর রহমান একটি কক্ষে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি পরীক্ষার্থীদের নকল সরবরাহের সুযোগ করে দেন। গোপন সূত্রে খবর পেয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পায় প্রশাসন। গতকাল কারিগরি পরীক্ষার একটি কক্ষে গিয়ে নকল সরবরাহের অভিযোগে খলিলুর রহমানকে সব ধরনের পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া
হয়। খলিলুর উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।