নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ কারামতিয়া মাদ্রাসা কেন্দ্র। ভেতরে চলছে এসএসসি ও দাখিল পরীক্ষা। আর কেন্দ্রের বাইরে বসে উত্তর তৈরি করছিলেন কতিপয় শিক্ষক। উদ্দেশ্য—পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করা। কিন্তু পরীক্ষার্থীদের কাছে নকল সরবরাহের এ উদ্যোগে ‘সফল’ হলেন না তাঁরা। এর আগেই ধরা পড়ে যান ওই চার শিক্ষক। পরে তাঁদের দুই বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা গতকাল শনিবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন, সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. রাশেদ, এ কে জি ছায়েদুল হক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল করিম এবং জনকল্যাণ উচ্চবিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক সুমন সাহা ও মো. দুলাল।
ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা জানান, খবর পেয়ে গতকাল বেলা ১১টার দিকে তিনি চন্দ্রগঞ্জ কারামতিয়া মাদ্রাসা কেন্দ্রসংলগ্ন একটি স্থানে অভিযান চালান। এ সময় সেখানে বসে প্রশ্নপত্র তৈরিরত বিভিন্ন বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে চারজনকে মাধ্যমিকের দুটি রসায়ন বই, মাদ্রাসার গণিত প্রশ্নের উত্তরের কপিসহ ধরে ফেলে। এরপর তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার শিক্ষকের প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আদেশের পর চার শিক্ষককে বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইনুল হক জানান, দণ্ডপ্রাপ্ত চার শিক্ষককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া এসএসসি পরীক্ষা কেন্দ্রের পাশের দোকানে প্রশ্নের উত্তর ফটোকপি করার ঘটনায় তিনজনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রসায়ন পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছাতারপাইয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রসচিব জাফর আলম চৌধুরীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তেমুহনী আবদুর রশিদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিনকে কেন্দ্রসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, গতকাল এসএসসি পরীক্ষা শুরুর পর কেন্দ্র থেকে রসায়ন বিষয়ের প্রশ্নপত্র বের করে উত্তর তৈরি করে দুই যুবক কেন্দ্রসংলগ্ন বাজারের একটি দোকানে ফটোকপি করতে যান। বেলা ১১টার দিকে ওই দোকানে পুলিশ নিয়ে হাজির হন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা খাতুন। একই সময় সেখানে যান সেনবাগের ইউএনও উদয়ন দেওয়ান। তাঁরা কয়েকটি প্রশ্নের উত্তরের ফটোকপিসহ মো. শাহিন (২০), রেজাউর রহমান (২১) ও দোকানের মালিক আলী হোসেনকে (২৪) আটক করেন। এরপর সেনবাগের ইউএনও সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। আদেশের পর দণ্ডপ্রাপ্তদের পুলিশে সোপর্দ করা হয়।
সেনবাগের ইউএনও উদয়ন দেওয়ান প্রথম আলোকে জানান, এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার কারণে কেন্দ্রসচিবকে অব্যাহতি দিয়ে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।