নকল সার কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা
নীলফামারী শহরের কালীতলা এলাকায় গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নকল সার তৈরির কারখানার সন্ধান পেয়েছেন। পরে ওই কারখানার মালিক মোমিনুর রহমানকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন আদালত।
মোমিনুর রহমান (৪৫) ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি চাকধাপাড়া গ্রামের বাসিন্দা। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কেরামত আলী বলেন, শহরের কালীতলায় দেশ কয়েল ফ্যাক্টরি-সংলগ্ন ওই নকল সার তৈরির কারখানাটি অবস্থিত। গতকাল দুপুরে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে জিপসাম, জিংক, অ্যাবোন, সয়োবিট ডায়জিসনসহ প্রায় ১৪ ধরনের নকল সার ও বালাইনাশক জব্দ করা হয়। সেখানে ডলোচুন, সিমেন্ট, বালু, রং মিশিয়ে দানা তৈরি করার পর তা বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির মোড়কে প্যাকেট করে বাজারজাত করা হচ্ছিল। এতে কৃষকেরা প্রতারিত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন বলেন, ওই নকল সার তৈরির কারখানার মালিক মোমিনুরকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা জমা দেওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। কারখানা থেকে নকল সার তৈরির সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, দেশ কয়েল কারখানার আড়ালেওই নকল সারের ব্যবসা চালানো হচ্ছে। কারখানায় সংরক্ষিত মালামালের আংশিক উদ্ধার করে ধ্বংস করা হলেও অধিকাংশ মাল মালিকের জিম্মায় রাখা হয়েছে। তাঁরা এসব মাল অন্যত্র সরিয়ে সেখানে আবারও নকল সারের ব্যবসা করতে পারেন। তবে দেশ কয়েল ফ্যাক্টরির মালিক হাফিজুর রহমান বলেন, ‘আমার ছোট ভাই রফিকুল ইসলামের জায়গা ভাড়া নিয়ে মোমিনুর ওই কারখানা গড়ে তুলেছেন। আমার কয়েল কারখানার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’
কারখানার মালিক মোমিনুর রহমান বলেন, ‘আমি ভাড়া করা একটি ঘরে ওই সার তৈরির কারখানা গড়ে তুলেছি। আমি ভুল করেছি, আদালতে ক্ষমা প্রার্থনা করেছি, ভবিষ্যতে এমন কাজ আর করব না।’