নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান
পাবনার ঈশ্বরদীতে ব্রিটিশ টোব্যাকো কোম্পানির নকল সিগারেট তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। পুলিশ গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ও সিগারেট তৈরির সামগ্রী উদ্ধার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম, আলম, রকিবুল ইসলাম, সঞ্জয়, সোহেল, শামীম, পিন্টু ও বরকত আলী।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ বলেন, আটক সিগারেটের মূল্য প্রায় ১ কোটি ৫২ লাখ টাকা। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বাদী হয়ে আটজনের নামে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় আটজনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার দুপুরে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চক্র পাকশীর দিয়াড় বাঘইল গ্রামে জনৈক ভাদুর বাড়ি ভাড়া নিয়ে সেখানে সিগারেট কারখানা গড়ে তোলে।