নকল সোনার পুতুল বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় নকল সোনার পুতুল দিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারণার শিকার ফরিদ উদ্দিন বাদী হয়ে তিনজনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার দুপুরে দুপচাঁচিয়া থানায় প্রতারণার মামলা করেছেন।
পুলিশ প্রতারণার অভিযোগে গতকাল বৃহস্পতিবার মিন্টু (৩০) নামের সিএনজিচালিত অটোরিকশা-চালককে গ্রেপ্তার করেছে। মিন্টু দুপচাঁচিয়ার তালুচ গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ফরিদ উদ্দিনের (২৪) সঙ্গে মুঠোফোনে আড়াই মাস আগে দুপচাঁচিয়ার ঝাঝিড়া গ্রামের তানিয়া বেগম নামের এক নারীর পরিচয় হয়। তানিয়া মুঠোফোনে ফরিদ উদ্দিনকে সোনার পুতুল বিক্রির লোভ দেখান। ফরিদ তাঁর বাবা নিবু মিয়া, তাঁর বন্ধু ঠাকুরগাঁর পীরগঞ্জ উপজেলার আলমগীর হোসেন (২২) ও বন্ধুর বাবা আপেল মিয়াকে (৫৬) নিয়ে গতকাল ভোরে ওই গ্রামে যান। তানিয়া তাঁদের বাড়িতে নিয়ে ওই সোনার পুতুল দিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নেন এবং তানিয়ার পরিচিত মিন্টুর অটোরিকশায় তাঁদের উঠিয়ে দেন। পথে কয়েকজন দুষ্কৃতকারী তাঁদের অটোরিকশা আটক করে ভয়ভীতি দেখিয়ে তিনটি মুঠোফোন সেট, একটি হাতঘড়ি এবং ওই পুতুলটি ছিনিয়ে নেন। এ সময় মিন্টু তাঁর অটোরিকশা থেকে তাঁদের নামিয়ে দিয়ে পালানোর চেষ্টা করেন। তাঁদের চিৎকারে স্থানীয় ব্যক্তিরা অটোরিকশাচালককে আটক করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ ওই অটোরিকশাচালককে গ্রেপ্তার করে।