নকলা উপজেলা চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলী চৌধুরী ওরফে মুনির চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর শহরের ইশিদপুর এলাকায় নিজ বাড়ির শয়নঘর থেকে নকলা থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আবদুল হালিম সিদ্দিকী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি খান আবদুল হালিম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলার ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
মাহবুব আলী চৌধুরী জাতীয় সংসদের সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছোট ভাই। তিনি ২০১৪ সালে নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মাহবুব আলী চৌধুরী নকলা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। এর আগে একাধিকবার তিনি চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।