নকলায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা উপজেলায় অপহরণের পর এক কলেজছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন। সে ময়মনসিংহের ফুলপুরের একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, নকলার ছাইলামপুর গ্রামের সামায়ুন কবীর (২৫) কলেজে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত সোমবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ছাইলামপুর এলাকায় সামায়ুন ও তাঁর সহযোগী কামাল হোসেন ওই ছাত্রীকে একটি মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যান। এ সময় ওই ছাত্রী তাঁদের হাত থেকে রক্ষা পেতে মোটরসাইকেল থেকে লাফ দেয়। পরে অপহরণকারীরা ওই ছাত্রীকে ময়মনসিংহের হালুয়াঘাটের আমতলী গ্রামের সাদেক আলীর বাড়িতে নিয়ে আটকে রাখেন। সাদেক সামায়ুনের ভগ্নিপতি। সোমবার রাতে অপহরণকারী চক্রের সদস্যরা সামায়ুনকে বিয়ে করতে তাকে (ছাত্রী) চাপ দেন। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওই দিন রাতে সাদেক ও অন্যদের সহযোগিতায় সামায়ুন ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে ছাত্রীর পরিবার জানতে পারে, তাকে (ছাত্রী) হালুয়াঘাটের সাদেকের বাড়িতে আটকে রাখা হয়েছে। বিষয়টি নকলা থানাকে জানালে পুলিশের একটি দল গত মঙ্গলবার দুপুরে সেখানে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় সামায়ুন ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।
উদ্ধারের পর ওই ছাত্রীকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে শেরপুর জেলা হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে সে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাছান শাহরিয়ার আদালতে জবানবন্দি দেয়।
জেলা হাসপাতালের আরএমও গোলাম মোস্তফা বলেন, ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।