নকলায় আ.লীগের মনোনয়ন নিয়ে সংঘর্ষে আহত ২
শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই মনোনয়নপ্রত্যাশী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার উরফার দরপট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আইয়ুব খান (৩৫) ও কর্মী সোহাগ মিয়া (৩০)। আইয়ুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা তিনটার দিকে দরপট বাজারে উরফা ইউপি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। দীর্ঘ সময় সভা চললেও প্রার্থী নির্বাচন কমিটি কাউকে মনোনীত করতে পারেননি। বিকেল পাঁচটার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতারা প্রার্থীর নাম ঘোষণা না করে সভা ত্যাগ করেন। এ সময় মনোনয়নপ্রত্যাশী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও পরে সংঘর্ষ ঘটে।
আহত আইয়ুব খান বলেন, উরফার চেয়ারম্যান নূরে আলমের সমর্থকদের আঘাতে তিনি আহত হয়েছেন।
চেয়ারম্যান নূরে আলম বলেন, তাঁর সমর্থকেরা তাঁকে (আইয়ুব) আঘাত করেননি। নেতা-কর্মীদের ভিড়ে তিনি মোটরসাইকেল থেকে রাস্তার ওপর পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন।