নকলায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা উপজেলায় গৃহবধূ মালেকা বেগমের (৩৫) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে স্বামী বেলায়েত হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বেলায়েত হোসেন উপজেলার রেহাইঅষ্টধর সিকদারপাড়া গ্রামের শরাফত আলীর ছেলে। আজ শনিবার সকালে ওই গ্রামের একটি বাড়ি থেকে নকলা থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গত বৃহস্পতিবার স্বামীর বাড়ি থেকে মালেকা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মালেকার সৎমা পারভিন বেগম বাদী হয়ে নকলা থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করেন। ঘটনার পর থেকে মালেকার স্বামী ও শাশুড়ি ছবিলা বেওয়া পলাতক ছিলেন।
আজ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় বেলায়েতকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ শেরপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মোমিনুল ইসলামের আদালতে সোপর্দ করে। আদালতের নির্দেশে বিকেলে বেলায়েতকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
নকলার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জহুর আলী আজ বিকেলে প্রথম আলোকে বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে গৃহবধূ মালেকার মৃত্যুর ঘটনার সঙ্গে বেলায়েতের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুর জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তে মালেকাকে শ্বাসরোধ করে হত্যা করার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া তাঁর শরীরে জখমের চিহ্নও ছিল। আগামীকাল রোববার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হবে বলে তিনি জানান।