নকলায় দুটি দোকান থেকে নিষিদ্ধ ওষুধ জব্দ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা উপজেলায় নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে দুটি ওষুধের দোকানের মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নকলা উত্তর বাজারের তৈয়ব মার্কেটে অবস্থিত মিতা ফার্মেসি ও মেডিসিন কর্নারে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি নিষিদ্ধ ওষুধ বিক্রি করা হচ্ছিল। এ সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত র্যাব সদস্যদের নিয়ে গতকাল বিকেলে ওই দুটি দোকানে অভিযান চালান। এ সময় মিতা ফার্মেসি থেকে এক লাখ পাঁচ হাজার টাকা ও মেডিসিন কর্নার থেকে চার লাখ ২৭ হাজার টাকা মূল্যের যৌন উত্তেজক নিষিদ্ধ বড়ি ও সিরাপ জব্দ করা হয়। নিষিদ্ধ ওষুধ রাখার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম আবুল কালাম আজাদ মিতা ফার্মেসির মালিক জাহাঙ্গীর আলমকে ২৫ হাজার টাকা ও মেডিসিন কর্নারের মালিক কামরুল হাসানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে তাঁরা জরিমানার টাকা পরিশোধ করেন।
অভিযানে অংশ নেওয়া র্যাব-১৪-এর অধিনায়ক মো. আনিসুজ্জামান বলেন, জব্দ করা ওষুধ দোকান দুটির সামনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিপুলসংখ্যক জনতার উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয়।