নকলায় নকল কীটনাশক তৈরির কারখানার সন্ধান, একজন গ্রেপ্তার
শেরপুরের নকলা উপজেলায় নকল কীটনাশক তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। গত মঙ্গলবার পুলিশ উপজেলার গনপদ্দি ইউনিয়নের জালালপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়িতে ওই কারখানার সন্ধান পায়। পরে পুলিশ সেখান থেকে আবুল হাসেম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পাশাপাশি বিপুল পরিমাণ নকল কীটনাশক, কীটনাশক তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম জব্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আমিনুর নামের এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে আবুল হাসেম ও তাঁর কয়েকজন সহযোগী সেখানে নকল কীটনাশক তৈরি করে তা বিক্রি করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে নকলা থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে কারখানাটির সন্ধান পায়। সেখান থেকে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ নকল কীটনাশক ও কীটনাশক তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবুল হাসেমের সহযোগীরা পালিয়ে যান।