নকলে বাধা দেওয়ায় শিক্ষকের ওপর হামলা, চিকিৎসা নিতেও বাধা
কুমিল্লায় এইচএসসি পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় গতকাল বুধবার নাঙ্গলকোট আবদুল গফুর ভূঁইয়া কলেজের গণিত বিভাগের প্রভাষক শ্রীবাস চন্দ্র দাসের ওপর হামলা চালিয়েছে ক্ষুব্ধ পরীক্ষার্থী ও দুর্বৃত্তরা। ওই শিক্ষককে বাঁচাতে গিয়ে আরও পাঁচজন শিক্ষক লাঞ্ছিত হন। আহত শিক্ষককে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে নিয়ে গেলে সেখানেও তাঁকে বাধা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, গতকাল নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রের ১০৩ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন শ্রীবাস চন্দ্র দাস। ওই কক্ষে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরীক্ষার্থীরা নকল করছিল। শ্রীবাস চন্দ্র তাদের বাধা দেন। বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাসান মেমোরিয়ালের কিছু শিক্ষকও তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। বেলা একটায় পরীক্ষা শেষ হওয়ার পর শ্রীবাস চন্দ্রসহ আরও পাঁচজন শিক্ষক নাঙ্গলকোট বাজারে যাচ্ছিলেন। তাঁরা পৌর এলাকার জনতা ব্যাংকের সামনে পৌঁছামাত্র ক্ষুব্ধ পরীক্ষার্থী ও দুর্বৃত্তরা শ্রীবাস চন্দ্রের মাথায় বোতল দিয়ে আঘাত করে। তাঁকে পিটিয়ে জখম করে। টেনেহিঁচড়ে জামাও ছিঁড়ে ফেলে। বাধা দিলে শ্রীবাসের সঙ্গে থাকা পাঁচজন শিক্ষককেও লাঞ্ছিত করা হয়। পরে ওই শিক্ষকেরা শ্রীবাসকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে তাঁদের বাধা দেয় হামলাকারীরা। পরে আহত শিক্ষককে লাকসামের একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বিকেল চারটায় ওই শিক্ষককে নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডে যান অন্য শিক্ষকেরা। তাঁরা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রককে বিষয়টি জানান।
শিক্ষক শ্রীবাস চন্দ্র দাস বলেন, ‘শিক্ষকেরাই পরীক্ষার্থীদের নকল সরবরাহ করছিলেন। বাধা দেওয়ার কারণে হামলা চালানো হলো। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
জানতে চাইলে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব আবু ইউসুফ বলেন, ‘কেন্দ্রের ভেতরে মারধরের ঘটনা ঘটেনি। ছেলেপেলেরা পরীক্ষার হলে একটু-আধটু দেখাদেখি করছিল, ওই নিয়েই ঝামেলা হয়।’
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, বিষয়টি তাঁরা জেনেছেন। নাঙ্গলকোটে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দেদার নকল চলে। চলন কলেজ পরীক্ষা কেন্দ্রেও বোর্ডের লোকজন গিয়ে কেন্দ্রের মধ্যে অব্যবস্থাপনা দেখেছেন। বিধি মোতাবেক অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।