নকলে বাধা, শিক্ষকের ওপর ছাত্রলীগ নেতার হামলার চেষ্টা
নকলে বাধা দেওয়ায় গতকাল রোববার রংপুর সরকারি কলেজে ক্লাস চলার সময় শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রলীগের একদল নেতা-কর্মী এক শিক্ষকের ওপর হামলার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ। গতকাল দুপুরে কলেজের চারতলায় ৪০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের বাধার মুখে রক্ষা পান বাংলা বিভাগের প্রভাষক আজিজুল হক।
ওই ঘটনায় কলেজশিক্ষক পরিষদ জরুরি সভা করে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বলে শিক্ষক পরিষদ জানিয়েছে।
ঘটনার শিকার প্রভাষক আজিজুল হক অভিযোগ করে বলেন, গত শনিবার দুপুরে মাস্টার্স পূর্বভাগ পরীক্ষার সময় মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক ও ওই কলেজের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ হাজ্জাজ দলবল নিয়ে পরীক্ষার হলে যান। এ সময় তিনি (আজিজুল) দায়িত্ব পালন করছিলেন। ওই হলে ছাত্রলীগের এক নেতা পরীক্ষা দিচ্ছিলেন। ওই পরীক্ষার্থী নকল করে লিখলেও তাঁকে বাধা না দেওয়ার জন্য শিক্ষক আজিজুলকে অনুরোধ করেন হাজ্জাজ। এতে রাজি না হওয়ায় গতকাল দলবল নিয়ে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষক আজিজুলের ওপর হামলার চেষ্টা চালান হাজ্জাজ। এ সময় শিক্ষার্থীদের বাধার মুখে তাঁরা আজিজুলকে গালিগালাজ করে চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবদুল্লাহ হাজ্জাজ বলেন, ‘আমি স্যারের কাছে গিয়েছিলাম। কথা-কাটাকাটি হয়েছে। এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’
কলেজশিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবদুল মতিন লস্কর গতকাল বিকেল চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জরুরি সভা করে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ কানিজ উম্মে নাজমা নাসরিন বলেন, বিষয়টি দুঃখজনক।