নকলে সহায়তার দায়ে শিক্ষকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেএসসি পরীক্ষা চলাকালে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীদের নকলে সহযোগিতা করার দায়ে ইউসুফপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া সদর উপজেলার দালালবাজার এন কে উচ্চবিদ্যালয় কেন্দ্রে মুঠোফোন ব্যবহার ও নকলে সহযোগিতা করার দায়ে পাঁচ পরিদর্শককে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। ওই পাঁচ শিক্ষক হলেন রসুলগঞ্জ উচ্চবিদ্যালয়ের শিক্ষক বাবুল চন্দ্র দাস, বিপ্লব চন্দ্র দাস ও হুমায়ুন কবির; গোপীনাথপুর উচ্চবিদ্যালয়ের আরিফ হোসেন এবং কামান খোলা উচ্চবিদ্যালয়ের আবদুল মান্নান।
সূত্র জানায়, গতকাল রোববার হাজিরপাড়া হামিদিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা চলাকালে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কক্ষে গিয়ে তাদের খাতায় লিখে ও শিখিয়ে দেওয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুর রহমান আনোয়ার হোসেনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে ইউএনও হাজিরপাড়া হামিদিয়া উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব নুরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন।
ইউএনও মোহাম্মদ আজিজুর রহমান বলেন, নকলে সহযোগিতা করার দায়ে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, গণিত পরীক্ষা চলাকালে নকল করার দায়ে রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে একজন ও রামগতি উচ্চবিদ্যালয় কেন্দ্রে একজনকে বহিষ্কার করা হয়। রামগতির ইউএনও মো. দেলোয়ার হোসেন তাঁদের বহিষ্কার করেন।