নকলের দায়ে বহিষ্কার করায় শিক্ষককে মারধর
গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে বহিষ্কৃত এক ছাত্র পরীক্ষাকেন্দ্রের কর্তব্যরত শিক্ষককে পিটিয়ে আহত করেছে। শহরের শেখ ফজিলাতুননেসা সরকারি মহিলা কলেজসংলগ্ন একটি সেতুর কাছে গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
থানার পুলিশ ও কলেজের শিক্ষক সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ইন্দুরহাটি গ্রামের সুব্রত বিশ্বাস (১৯) গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্র। সে বিজ্ঞান বিভাগ থেকে এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা দিচ্ছিল। তার পরীক্ষাকেন্দ্র শেখ ফজিলাতুননেসা সরকারি মহিলা কলেজ। মঙ্গলবার উচ্চতর গণিত পরীক্ষা চলাকালে ওই কলেজের ইসলামি শিক্ষার শিক্ষক আবু সাঈদ তাকে নকলসহ ধরেন। এ অপরাধে খাতা জমা রেখে সুব্রতকে পরীক্ষাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী দুজন জানান, বেলা দেড়টার দিকে পরীক্ষার কাজ শেষ করে আবু সাঈদ বাড়ি যাচ্ছিলেন। কলেজসংলগ্ন সেতুর কাছে সুব্রতসহ চার-পাঁচজন তরুণ ওই শিক্ষককে বেদম মারধর করে। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে। সুব্রতকে আটক করে এলাকাবাসী।