নকলের সুযোগ না পেয়ে পরীক্ষাকেন্দ্রে হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্মাসিস্ট প্রশিক্ষণ কোর্সের পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে ৩৭১ জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আর পরীক্ষাকেন্দ্রে সেই সুযোগ না পেয়ে হট্টগোল করেছেন পরীক্ষার্থীরা। গতকাল শুক্রবার জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
পরীক্ষার্থীদের অভিযোগ, ৩৭১ জন পরীক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার কথা বলে ২০ নভেম্বর থেকে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও ফার্মেসি কাউন্সিলের মাধ্যমে জামালপুর ও শেরপুর জেলা ড্রাগ সুপার সাখাওয়াত হোসেন ওরফে রাজু প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার ১০০ টাকা করে নেন। কিন্তু প্রশ্নের উত্তরপত্র বা কেন্দ্রে কোনো সুযোগ-সুবিধা পাননি তাঁরা। এতে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা কেন্দ্রের মধ্যেই ড্রাগ কর্মকর্তা ও ফার্মেসি কাউন্সিলের লোকজনের ওপর চড়াও হন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়। পরে কলেজের অধ্যক্ষ পরিস্থিতি শান্ত করেন।
শেরপুর জেলার পরীক্ষার্থী সৈকত হোসেন অভিযোগ করেন, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সদস্য মো. আমিনুল ইসলামের মাধ্যমে সাখাওয়াত হোসেন প্রশ্নের উত্তরপত্র আগেই সরবরাহ ও পাস করার কথা বলে প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ৫ হাজার ১০০ টাকা করে নিয়েছেন। কিন্তু কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কারণে পরীক্ষার হলে তাঁদের কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয়নি।
তবে সাখাওয়াত হোসেন টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, পরীক্ষা খুব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তাঁদের ওপর পরীক্ষার্থীদের চড়াও হওয়ার বিষয়ে তিনি কোনো কিছু বলতে রাজি হননি।
সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ সাব্বির আহমদ বলেন, পরীক্ষাকেন্দ্রের তৃতীয় তলায় উত্তেজনার বিষয়টি শুনে সেখানে গিয়ে তিনি পরীক্ষার্থীদের শান্ত করেন। পরীক্ষার্থীদের হট্টগোলের কারণ প্রসঙ্গে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
মো. আমিনুল ইসলাম টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে কয়েকজন পরীক্ষার্থীকে তাঁর সামনে ডেকে নেওয়া হলে তিনি কোনো কথা না বলে কেন্দ্র থেকে চলে যান।