নকশা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় নকশা অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে তিনতলা ভবন।
নগরের চকবাজারের নৈশ ডাকঘরের উত্তর পাশে এই ভবনের নির্মাণকাজ চলছে। আশুতোষ দত্ত, সুজিত কুমার দত্ত ও বিপ্লব বিজয় দত্ত নামের তিন ভাই এই ভবন নির্মাণ করছেন। ইতিমধ্যে ভবনের প্রথম ও দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। তিন তলার ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, দ্বিতীয় তলায় কক্ষ তৈরির কাজে ব্যস্ত তিন শ্রমিক। তাঁদের একজন মহিবুল প্রথম আলোকে বলেন, ‘প্রায় চার মাস আগে এই ভবনের নির্মাণকাজ শুরু হয়। প্রতিবেশীদের আপত্তির কারণে মাঝখানে কিছুদিন কাজ বন্ধ রাখা হয়। তবে তিন-চার দিন আগে আবার আমরা কাজ শুরু করেছি।’ মহিবুল জানান, প্রতি তলায় দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি শৌচাগার থাকবে।
সিডিএ সূত্র জানায়, চকবাজারের সিরাজউদ্দৌলা সড়কের পূর্ব পাশে প্রায় ৬০০ বর্গফুট জায়গার ওপর চার মাস আগে এই ভবনের নির্মাণকাজ শুরু হয়। এ জন্য কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়নি। এই ভবনের নির্মাণকাজ বন্ধ রাখতে গত বছরের ৩০ নভেম্বর ভবন মালিকদের চিঠি দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ওই চিঠিতে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়।
সিডিএর সহকারী অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ ওসমান প্রথম আলোকে বলেন, ‘সিডিএর কাছ থেকে কোনো ধরনের অনুমোদন না নিয়ে এই ভবনের নির্মাণকাজ শুরু করা হয়েছে। এ জন্য ভবন নির্মাণকারীদের নোটিশ দেওয়া হয়েছে। শুনানির সময় তাঁরা কোনো নকশা দেখাতে পারেননি।’
ভবন নির্মাণকারী আশুতোষ দত্ত প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁদের কাছে নকশা আছে। কিন্তু সময় স্বল্পতার কারণে শুনানিতে নকশা উপস্থাপন করা সম্ভব হয়নি।
সুজিত কুমার দত্ত বলেন, ‘সিরাজউদ্দৌলা সড়ক সম্প্রসারণের সময় আমাদের প্রায় ১৫ ফুট জায়গা অধিগ্রহণ করা হয়। এখন আমাদের এই এক টুকরো জমি আছে। যাওয়ার আর জায়গা নেই। কিছু প্রতিবেশী শত্রুতাবশত আমাদের ভবন নির্মাণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’
সিডিএ সূত্র জানায়, ১৪ জানুয়ারি এ ভবন নির্মাণ নিয়ে সিডিএতে শুনানি হয়। শুনানিতে ভবন নির্মাণকারীদের নকশা অনুমোদন করিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অনুমোদন নেওয়া না হলে সিডিএ ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ অনুযায়ী ব্যবস্থা নেবে। এ ছাড়া সিডিএর চিঠি দেওয়ার সাত দিনের মধ্যে নির্মাণকাজের জন্য রাখা প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।