নকশা ও নদী চুরির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল প্রত্যাশিত নরসুন্দা নদী খনন ও সৌন্দর্যবর্ধনের নামে লুটপাটের অভিযোগ উঠেছে। এ অবস্থায় নকশা অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়নের দাবি করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে ‘কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ’ নামের একটি পরিবেশবাদী সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। সেখানেই এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়ক শেখ সেলিম কবীর। এতে অভিযোগ করা হয়, ‘নরসুন্দা নদী পুনর্বাসন ও কিশোরগঞ্জ পৌরসভাসংলগ্ন এলাকা উন্নয়ন প্রকল্প’ নামের এ প্রকল্পের ৭০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কিন্তু এই কাজের গুণগতমান খুবই নিম্নমানের। কাজ শেষ হওয়ার আগেই অনেক স্থান থেকে পলেস্তারা খসে পড়ছে। তা ছাড়া বেশির ভাগ কাজ নকশা অনুযায়ী হয়নি। ঠিক নেই তলদেশের গভীরতা ও প্রশস্তের মাপও। এককথায় নকশা ও নদী দুই-ই চুরি হয়ে যাচ্ছে। এভাবে হলে নরসুন্দা সরু নর্দমায় পরিণত হবে। তখন জলাবদ্ধতার শিকার হবে শহরবাসী।
লিখিত বক্তব্যে আরও বলা হয়েছে, অনেকের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নোটিশ ও ক্ষতিপূরণ ছাড়াই ভূমি মালিকদের উচ্ছেদ করা হচ্ছে। আবার অনেক প্রভাবশালীর স্থাপনা আছে জায়গামতোই।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনের কর্মী মো. শামসুজ্জামান, হোসেন সারোয়ার, মাসরুরুল হাসান, মাসুদুল হাসানসহ উচ্ছেদের শিকার কয়েকজন ভুক্তভোগী উপস্থিত ছিলেন।
শেখ সেলিম কবীর বলেন, ‘নরসুন্দার প্রকৃত চেহারা ফিরে পেতেই আমাদের এ আন্দোলন। যত দিন পর্যন্ত আশার আলোর দেখা না মিলবে তত দিন আমরাও মাঠ ছাড়ব না।’