নকশা জালিয়াতির মামলায় রাজউক কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকশা জালিয়াতির অভিযোগে করা মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড অফিসার মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে মিজানুর রহমানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে আজই রাজধানীর বনানী থানায় মিজানুর রহমান ও আরেক অথরাইজড অফিসার সুকোমল চাকমাকে আসামি করে মামলা হয়।

মামলার এজাহারে বলা হয়, মিজানুর রহমান ও সুকোমল চাকমা রাজউকের অসাধু ব্যক্তিদের যোগসাজশে সংস্থার সদস্য (পরিকল্পনা) ও বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটির সভাপতি শেখ আবদুল মান্নান, সদস্য (উন্নয়ন) ও পরিচালকসহ (উন্নয়ন) কমিটির কয়েকজন সদস্যের সই জাল করে বনানীর ৩৭ কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে ১৯তলা বাণিজ্যিক ভবনের নকশা অনুমোদন করেন। পরে ওই নকশা পাস দেখিয়ে সংশোধিত নকশা অনুমোদনের কপি মালিকপক্ষকে সরবরাহ করেন।