লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে ভবনটি পরিদর্শন করে নকশা অনুযায়ী তা পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন তিনি।
ভবনটি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান, পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের নেতারা।
জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি এ কে এম টিপু সুলতান জানান, ১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে সরকারি উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। প্রথম তলায় দোকান, দ্বিতীয় তলায় কমিউনিটি সেন্টার, তৃতীয় তলায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের দপ্তর, পাঠাগার ও স্বাস্থ্যকেন্দ্র থাকবে। কিন্তু নকশা পরিবর্তন করে কমপ্লেক্সের নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত দোকান নির্মাণ করা হয়েছে। এসব অনিয়মে সংশ্লিষ্ট প্রকৌশলীর গাফিলতি রয়েছে। তাই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান সরেজমিন পরিদর্শনে এসে নকশা অনুযায়ী ভবনটি পুনর্নির্মাণ এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তবে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মো. মাহাবুবুল আলম সাংবাদিকদের জানান, কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়ে ভবন নির্মাণের কাজ করা হয়। কোনো অনিয়ম-দুর্নীতি করা হয়নি।
পুলিশ সুপার ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন রক্ষণাবেক্ষণ কমিটির সদস্য শাহ মিজান সাফিউর রহমান জানান, মূল নকশা পরিবর্তন করে ভবনটি নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আক্তার জানান, মূল নকশা পরিবর্তন করে প্রভাবশালী একটি চক্র বিধি অমান্য করে ভবনটি নির্মাণ করে। গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা কাজ তদারক করতে গেলে তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। ক্ষমতার অপব্যবহার করে নিজেদের মতো করে নির্মাণকাজ সমাপ্ত করা হয়। বিষয়টি তখন মন্ত্রণালয়কে একাধিকবার জানানো হয়েছে।
জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করার সময় নকশাবহির্ভূতভাবে দোকান নির্মাণ করা নিয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। এরপর হাইকোর্টের নির্দেশে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। গণপূর্ত অধিদপ্তরের অনুমোদিত নকশার বাইরে ওই ভবন নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তদন্ত করে ওই অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল দেওয়া হয়।