নগর ভবন থেকে ঠিকাদার অপহৃত, পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি পশুর হাটের দরপত্র জমা দিয়ে নগর ভবন থেকে বের হয়ে আসার সময় আবু বক্কর নামের এক ঠিকাদারকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আনজুমান আরা বেগমের ভাশুর।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন তাঁকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন আবু বক্করের স্বজনেরা। পরে পুলিশ বেলা একটার দিকে নগরের পলোগ্রাউন্ড থেকে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরের কোতোয়ািল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, নগর ভবন থেকে ঠিকাদার তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের পোস্তারপাড় বিদ্যালয় মাঠের অস্থায়ী পশুর হাটের তৃতীয় দফায় দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। এতে আট লাখ ২০ হাজার টাকার সর্বোচ্চ দর দেন মোহাম্মদ ইলিয়াছ এবং দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হিসেবে আবু বক্কর দর দেন আট লাখ এক হাজার টাকা। প্রথমবার ৪৯টি ফরম বিক্রি হলেও একটিও জমা পড়েনি। দ্বিতীয়বার সন্তোষজনক দর পাওয়া যায়নি। ইতিমধ্যে নগরের অন্য পাঁচটি অস্থায়ী পশুর হাট ইজারা দেওয়া হয়েছে।
কাউন্সিলর আনজুমান আরা বেগম বলেন, ‘হাটের জন্য দরপত্র ফরম জমা না দিতে আবু বক্করকে বাধা দেন ইলিয়াছ ও তাঁর লোকজন। বাধা উপেক্ষা করে দরপত্র জমা দেওয়ায় তাঁকে তুলে নিয়ে যায় ইলিয়াছের লোকজন। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’
তবে আনজুমান আরা বেগমের অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘আমি ব্যবসায়ী মানুষ। সামান্য টাকার জন্য এ কাজ কেন করব?’