নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যানের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে নগরকান্দা উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত চেয়ারম্যানের ওপর হামলা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। উপজেলার বাজারসংলগ্ন পেট্রলপাম্পের কাছে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান গতকাল সরকারি গাড়িতে করে উপজেলা পরিষদে যাচ্ছিলেন। গাড়িটি পেট্রলপাম্পের কাছে পৌঁছালে ২৫ থেকে ৩০ জনের একটি দল লাঠি ও দেশি অস্ত্র নিয়ে গাড়িটির ওপর হামলা চালায়। হামলাকারীরা গাড়ি থেকে চেয়ারম্যান, তাঁর ব্যক্তিগত সহকারী (পিএ) আলমগীর হোসেন ও চেয়ারম্যানের চাচাতো ভাই সৈয়দ টুকু আহম্মদকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিরা তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে চেয়ারম্যানের পৈতৃক বাড়িতে পৌঁছান।
সৈয়দ শাহিনুজ্জামান প্রথম আলোকে বলেন, গত ১০ জুলাই স্থানীয় আওয়ামী লীগ তাঁকে অবাঞ্ছিত ঘোষণার পর তিনি শাকপালদিয়ার বাড়িতে বসে উপজেলা পরিষদের যাবতীয় কাজ করতেন। ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে গতকাল তিনি পরিষদের কর্মচারীদের উপহারসামগ্রী দিতে যাওয়ার সময় সন্ত্রাসীরা হামলা করে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম হোসেন তালুকদারের নেতৃত্বে তাঁর ও তাঁর সহকর্মীদের ওপর এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে চেয়ারম্যান দাবি করেন।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সেলিম হোসেন তালুকদার বলেন, ‘আমি বরং চেয়ারম্যানকে বাঁচিয়ে বাড়ি পাঠিয়ে দিই। তাঁকে বাঁচাতে গিয়েছিলাম বলেই হয়তো তিনি আমার বিরুদ্ধে এ-জাতীয় অভিযোগ করেছেন।’ তিনি বলেন, ওই ঘটনার পর র্যাব-৮-এর সহায়তায় চেয়ারম্যানসহ আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে শাহিনুজ্জামানকে ছেড়ে দেওয়া হয়। তাঁর পিএ ও ভাই সেখানে ভর্তি আছেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসারউদ্দিন বলেন, ‘চেয়ারম্যান উপজেলা পরিষদে আসার সময় মার খেয়েছেন বলে শুনেছি। তবে এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা জানা যায়নি। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ কোনো আলামত পায়নি।’
৬ জুলাই জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় শাহিনুজ্জামান নগরকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজের বিরুদ্ধে জুন মাসের শেষ সপ্তাহে বিভিন্ন প্রকল্প থেকে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনেন। এরপর ১০ জুলাই আওয়ামী লীগের নেতা-কর্মীরা নগরকান্দা উপজেলা সদরে বিক্ষোভ করে চেয়ারম্যানকে নগরকান্দায় অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।