নগরকান্দায় তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দায় সাগরী বেগম (১৯) নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামে সাগরী বেগমের বাড়ির উঠান থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। সাগরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে নগরকান্দা থানায় হত্যা মামলা করেছেন।
সাগরী ওই গ্রামের মৃত মুহিরউদ্দিনের মেয়ে। চার ভাই, দুই বোনের মধ্যে সাগরী সবার ছোট। এক বছর আগে মাদারীপুরের শিবচরে তাঁর বিয়ে হয়েছিল। কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় সাগরী বাবার বাড়িতেই থাকতেন।
এলাকাবাসী জানান, গতকাল সকালে প্রতিবেশীরা গলায় ওড়না পঁ্যাচানো অবস্থায় সাগরীর লাশ তাঁর বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা সাগরীকে ধর্ষণের পর ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বাড়ির উঠানে ফেলে রেখে যায়। সাগরীর মা শেফালী বেগম জানান, সাগরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে তিনি প্রতিবেশী তিন তরুণ সালেহউদ্দিন (২৪), সাহাবুদ্দীন (২৩) ও সাব্বিরকে (২২) আসামি করে নগরকান্দা থানায় হত্যা মামলা করেছেন।
এলাকাবাসী জানান, ঘটনার পর থেকে সন্দেহভাজন ওই তিন তরুণ আত্মগোপনে রয়েছেন। মামলার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসারউদ্দিন বলেন, মঙ্গলবার রাতে সাগরী বাড়িতে একাই ছিলেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। সাগরী ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।