নগরকান্দায় তরুণীর লাশ উদ্ধার
ফরিদপুরের নগরকান্দার একটি ধানখেত থেকে ফিরোজা আক্তার (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে নগরকান্দা-ডাঙ্গী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে রহিজ চোকদারের ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ফিরোজা আক্তার উপজেলার ফুলসুতি ইউনিয়নের চুকাইড় গ্রামের কৃষক ফজলু ব্যাপারীর মেয়ে। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। ওই তরুণী মানসিক প্রতিবন্ধী ছিলেন।
ফুলসুতি গ্রামের চৌকিদার মো. লাবলু মাতুব্বর জানান, মঙ্গলবার বিকেলে মহাসড়কের পাশে ধানখেতে এক তরুণীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী নগরকান্দা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ফিরোজার মা বেগম খানম জানান, গত সোমবার দুপুরের খাওয়ার পর থেকে ফিরোজাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশের বাড়ি ও আত্মীয়স্বজনের বাড়িতে যোগাযোগ করেও সারা রাত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম নাসিম জানান, এ ব্যাপারে নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে গতকাল বুধবার ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।