ঢাকায় স্বামী-সন্তান নিয়ে স্বচ্ছন্দ্যেই জীবন চলছিল স্কুলশিক্ষিকা শামছুন নাহারের। আগারগাঁওয়ের তাওহীদ ল্যাবরেটরি স্কুলে ১৬ বছর ধরে শিক্ষকতা করছিলেন তিনি। একটি স্কুলে এত দিন শিক্ষকতা এবং একই গণ্ডিতে বদ্ধ হয়ে পড়া নাগরিক জীবনে হাঁপিয়ে উঠেছিলেন। রাজধানীর কোলাহল আর ভালো লাগছিল না। তাই মুক্তি চাইছিলেন তিনি। মুক্তি পেলেন, তবে জীবন থেকে।
নিজের হতাশা এবং এই চাওয়ার কথা স্বামী শাহজাহান সিরাজকে জানিয়েছেন একাধিকবার। স্ত্রীর চাওয়া এবং সন্তানদের পরিপূর্ণ বিকাশের কথা ভেবে জীবনকে নতুন করে সাজানোর পরিকল্পনা করেন শাহজাহান সিরাজ। অল্প কিছুদিন আগেই সিদ্ধান্ত হয় অবিলম্বে গ্রামে ফিরে যাওয়ার।
গত সোমবার তাঁরা লক্ষ্মীপুরের গ্রামেই ফিরছিলেন। শামছুন নাহার ঢাকার স্কুলের শিক্ষকতা ছেড়ে দিয়ে নতুন বছরের প্রথম দিনেই অধ্যক্ষ হিসেবে যোগ দেবেন রামগতি উপজেলার হাজীগঞ্জ মডেল একাডেমিতে। দুই সন্তানকে ভর্তি করাবেন স্থানীয় স্কুলে। আর স্বামীও ঢাকার চাকরি ছেড়ে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে একটি বেসরকারি সংস্থার শাখা অফিসে চাকরি নেবেন। তাই সেদিন ঢাকার জীবনের পরিসমাপ্তি টেনে কাভার্ডভ্যানে বাড়ির সব মালামাল নিয়ে তাঁরা ছুটছিলেন নতুন করে জীবন সাজানোর স্বপ্ন নিয়ে। নোয়াখালী পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শহরের উজ্জ্বলপুর এলাকায় ২০-দলীয় জোটের হরতাল-সমর্থক পিকেটারদের হামলার শিকার হন শামছুন নাহার। তাদের ছোড়া ইটের আঘাত কাভার্ডভ্যানের কাচ ভেঙে তাঁর মাথায় লাগে। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন তিনি। স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, শামছুন নাহার আগেই প্রাণ হারিয়েছেন।
ইটের আঘাতে শিক্ষিকা নিহতলক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চরবেদমা গ্রামে শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দাফন করা হয় শামছুন নাহারকে। সহস্রাধিক লোক জানাজায় শরিক হন।
লক্ষ্মীপুর জেলা সদরের সোনালি কলোনির অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আলী হোসেনের মেয়ে শামছুন নাহার। তাঁর দুই ছেলে শাহ মো. সী ম্যান সপ্তম শ্রেণিতে ও শাহনুর আলী প্রিন্স দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
মামলা: স্কুলশিক্ষিকা নিহত হওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতের ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা করা হয়েছে। গত সোমবার রাতে সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় জেলা জামায়াতের আমির আবদুল মোনায়েম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক ছাবের আহম্মেদ, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মেজবাহ উদ্দিন ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অলিউল্লাসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পরিবারের কেউ রাজি না হওয়ায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।
থানা সূত্রে জানা গেছে, শিক্ষিকা নিহত হওয়ার পর আটক হওয়া পাঁচ ব্যক্তিকে সন্দেহভাজন আসামি হিসেবে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন রেজাউল করিম (২২), রবিউল হাসান (২০), মো. হৃদয় (২৪), আবদুল মতিন (২৫) ও বেলাল হোসেন (২৪)।