নগরীতে বাসভাড়ায় চলছে নৈরাজ্য

ঢাকার বিভিন্ন পথে চলাচলকারী বাসের মালিকেরা ‘সিটিং সার্ভিস’, ‘কম স্টপেজ’ নাম দিয়ে সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিচ্ছেন। এসব বাসে মানা হচ্ছে না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত সর্বনিম্ন ভাড়ার নিয়ম। অথচ সিটিং সার্ভিস নাম দিলেও ইচ্ছেমতো দাঁড়িয়ে যাত্রী তোলা হচ্ছে।
গত বছর কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের (সিএনজি) দাম বাড়ায় ঢাকা ও এর আশপাশের জেলায় এবং চট্টগ্রামে এই গ্যাসে চালিত বাস-মিনিবাসের ভাড়া প্রত্যেক যাত্রীর জন্য প্রতি কিলোমিটারে ১০ পয়সা বৃদ্ধি করে সরকার। ২০১৫ সালের ১ অক্টোবর থেকে পুনর্নির্ধারিত ভাড়ার হার কার্যকর হয়েছে। নতুন হার অনুসারে বড় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৭০ পয়সা, মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৬০ পয়সা।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন পথে ‘লোকাল’ ও ‘সিটিং’ নামে দুই ধরনের বাস চলছে। সিটিং সার্ভিস নামের বাসগুলোতে বিআরটিএ-নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা হচ্ছে। এসব বাসের সর্বনিম্ন ভাড়া নেওয়া হয় ১৫ টাকা। অথচ বিআরটিএ-নির্ধারিত সর্বনিম্ন ভাড়া বড় বাসের জন্য ৭ টাকা আর মিনিবাসের জন্য ৫ টাকা।
মিরপুর-১ নম্বর থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী বসুমতি পরিবহনের একটি মিনিবাসের চালকের সহকারী মো. তারেক বলেন, ‘ফার্মগেটের ভাড়া ১৫ টাকা, আগে ছিল ১৩ টাকা। আর মতিঝিলের ২৩ টাকার ভাড়া ২৫ টাকা নিচ্ছি।’ তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়ার তালিকা অনুসারে, মিরপুর-১ থেকে ফার্মগেট হয়ে মতিঝিলের দূরত্ব ১৩ কিলোমিটারের সামান্য বেশি। নতুন হার অনুসারে এই পথের ভাড়া আসে ২১ টাকা। অথচ এই পরিবহনের মালিকেরা আগে থেকেই আদায় করে আসছেন ২৩ টাকা; এখন ২৫ টাকা।
একই পথে চলাচলকারী নিউ ভিশন, বসুমতিসহ কয়েকটি কোম্পানির বাস ‘সিটিং সার্ভিস’, ‘কম স্টপেজ’ নাম দিয়ে চলাচল করছে। এ জন্য বাসে উঠলেই ১৫ টাকা ভাড়া গুনতে হচ্ছে। অথচ সরকার মিনিবাসের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করে দিয়েছে ৫ টাকা।
এ বিষয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সিটিং সার্ভিস, কম স্টপেজ সার্ভিসগুলো বাড়তি ভাড়া আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের এই নৈরাজ্য বন্ধে সরকার পদক্ষেপ নিলে একটি নির্ভরযোগ্য ও যাত্রীবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব।’
মিরপুর-১ নম্বর থেকে ‘দিশারী’ পরিবহনের বাসে গুলিস্তানের ভাড়া আদায় করা হচ্ছে ২৫ টাকা। এ পথের দূরত্ব ১৩ দশমিক ৭ কিলোমিটার। পরিবহন কমিটির নির্ধারিত তালিকা অনুযায়ী এ ভাড়া হওয়ার কথা ১৯ টাকা। অথচ এবার ভাড়া বৃদ্ধির আগে থেকেই নেওয়া হতো ২০ টাকা।
বিআরটিএ-নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি বাসে টাঙানোর নিয়ম। বিভিন্ন পথে চলাচলকারী অন্তত ১৫টি বাসে উঠে দেখা যায়, সরকারি ভাড়ার তালিকা টাঙানো নেই। গত বছর নতুন ভাড়া নির্ধারিত হওয়ার পরে কিছুদিন তালিকা দেখা গেলেও এখন আর তা চোখে পড়ে না।
মিরপুর-১০ নম্বর থেকে ফার্মগেটের ভাড়া আদায় করা হচ্ছে ১৫-১৬ টাকা। আগে এই পথের ভাড়া নেওয়া হতো ১৪ টাকা। বিআরটিএর হিসাবে এই পথের দূরত্ব ৯ দশমিক ৪ কিলোমিটার। নতুন হারে ভাড়া আসে ১০ টাকা।
সাভার থেকে ছেড়ে আসা ‘ওয়েলকাম’ পরিবহনে কল্যাণপুর, শ্যামলী থেকে যাত্রী তোলা হয়। এসব বাসে ফার্মগেটের ভাড়া ১৫ টাকা, গুলিস্তানের ভাড়া ২৫ টাকা। বিআরটিএর তালিকা অনুযায়ী ভাড়া হওয়ার কথা ফার্মগেট ৭ টাকা, গুলিস্তান ১৫ টাকা।
বিআরটিএর সচিব মুহাম্মদ শওকত আলী প্রথম আলোকে বলেন, ‘সিটিং ও গেটলকের নামে অনেক পরিবহন প্রতারণা করে অতিরিক্ত টাকা আদায় করে। অপরাধ ও অভিযোগ এত বেশি যে তা সামাল দেওয়া একটু কঠিন।’ অভিযোগ দুভাবে নেওয়া হয়—অনলাইন ও সরাসরি আবেদন। সচিব আরও বলেন, গতকাল রোববারও সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে তিনটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।