নগরে ঢোকার মুখে ৫২ হাজার ইয়াবা আটক
টেকনাফ থেকে আনার সময় চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে ৫২ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার বেলা দেড়টার দিকে এই অভিযান চালানো হয়। ভ্যানের চালক এবং সহকারীকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর অঞ্চলের উপপরিচালক আলী আসলাম হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
আটক চালকের নাম মো. শাহজাহান (২৭)। সহকারী মো. মানিক (২১)। শাহজাহানের বাড়ি লক্ষ্মীপুর এবং মানিকের বাড়ি খাগড়াছড়িতে। ইয়াবা পাচারে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি আটক করা হয়।
অভিযানে অংশ নেওয়া অধিদপ্তরের পরিদর্শক মো. ইব্রাহিম জানান, টেকনাফ থেকে ভোরে ইয়াবা নিয়ে রওনা হয় কাভার্ড ভ্যানটি। গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু এলাকায় কাভার্ড ভ্যানটিতে অভিযান চালানো হয়। ভ্যানের পেছনে দরজার সঙ্গে একটি লোহার পাতের বক্সের মধ্যে ইয়াবাগুলো ২৬টি প্যাকেটে রাখা হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এই ঘটনায় আরও অনেকে জড়িত বলে স্বীকার করেছেন বলে ইব্রাহিম জানান। এই ঘটনায় নগরের বাকলিয়া থানায় একটি মামলার প্রক্রিয়া চলছিল।