নগ্ন ছবি তুলে মুক্তিপণ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক যুবককে বাসায় আটকে রেখে নগ্ন ছবি তুলে মুক্তিপণ আদায়ের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে হালিশহরের রামপুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের অভিযানে অপহৃত যুবক শাহাদাত হোসেনকেও উদ্ধার করা হয়। তিনি মোস্তফা গ্রুপে ব্যবস্থাপক পদে কর্মরত আছেন।

গ্রেপ্তার তিনজন হলেন মো. রনি, মো. লিটন ও মণি আক্তার।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, গত রোববার সকালে শাহাদাত হোসেনকে তাঁর পূর্ব পরিচিত কাজল নামের এক নারী ফোন করে হালিশহরের রামপুরা এলাকায় একটি ফ্ল্যাটে যেতে বলে। জমি কেনার জন্য ওই ফ্ল্যাটে যান তিনি। ওই বাসার নিচে আগে থেকেই অপেক্ষা করছিল কাজল। কিন্তু বাসায় যাওয়ার পর জোর করে কয়েকজন যুবক শাহাদাতকে আটকে রাখে এবং একপর্যায়ে নগ্ন ছবি তোলে। তারা শাহাদাতের পরিবারের কাছে আড়াই লাখ টাকা মুক্তিপণ চেয়েও ফোন করে। বিকাশের মাধ্যমে শাহাদাতের পরিবারের কাছ থেকে ৪৭ হাজার টাকা নেয় চক্রটি। কিন্তু সন্ধ্যার পরও বাসায় ফিরে না আসায় শাহাদাতের পরিবার বিষয়টি খুলশী থানাকে জানায়।

ওসি জানান, মুক্তিপণের টাকা দেওয়ার কথা বলে চক্রের সদস্য রবি ও লিটনকে হালিশহরের রামপুরা তাসফিয়া কমিউনিটি সেন্টারের সামনে থেকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ওই ফ্ল্যাট থেকে শাহাদাতকে উদ্ধার এবং মণি আক্তারকে আটক করা হয়।

এ ঘটনায় শাহাদাত বাদী হয়ে ছয়জনকে আসামি করে খুলশী থানায় মামলা করেন। গ্রেপ্তার মণি আক্তার থানায় উপস্থিত সাংবাদিকদের জানায়, কাজল এ ঘটনার জন্য দায়ী। তার কথামতো সে এ কাজে যুক্ত হয়েছে।

ওসি জানান, কাজলসহ অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।