নছিমন-অটোরিকশার সংঘর্ষে নিহত ১
কিশোরগঞ্জের কটিয়াদীতে নছিমন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। আজ শনিবার সকালে কটিয়াদী পৌর শহরের ভোগপাড়ায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নছিমন ও অটোরিকশার সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আহম্মদ আলী (৪২)। তিনি একই উপজেলার মিঠামইন উপজেলা সদরের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার করিমগঞ্জ উপজেলার চামড়াঘাট থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভৈরবের উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশাটি ভোগপাড়া অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী আহম্মদ আলী মারা যান। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার তিন যাত্রীকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, নিহত আহম্মদ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।