নছিমনচালককে পেটালেন এসআই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় বোরহানউদ্দিন উপজেলায় মো. রাসেল নামে নছিমনের এক চালককে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন থানার সামনের সড়কে এ ঘটনা ঘটে।
অন্তত ২০ জন প্রত্যক্ষদর্শী জানান, রাসেল বৃহস্পতিবার সকালে থানার সামনের সড়কে যানজটে আটকা পড়েন। কেন যানজটের সৃষ্টি হলো, প্রশ্ন তুলে এসআই আজিজ তাঁকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। একপর্যায়ে রাসেল সড়কের ওপর ঢলে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জহিরুল ইসলাম গতকাল শুক্রবার দুপুরে জানান, রাসেল কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছেন। পরে তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালে চিকিৎসাধীন রাসেল বলেন, তিনি বোরহানউদ্দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসায় থাকেন। বৃহস্পতিবার ভোরে নছিমন নিয়ে বের হন। সকাল সাড়ে ১০টার দিকে মালামাল নিয়ে থানার সামনে যানজটে পড়েন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই এসআই আজিজ এসে তাঁকে পেটাতে থাকেন। তিনি হাতজোড় করে ক্ষমা চাইলেও এসআই তাঁর ওপর নির্যাতন বন্ধ করেননি। একপর্যায়ে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। তিনি আরও বলেন, প্রায় দেড় বছর আগে তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়েছিল। ওই অংশেই তিনি বেশি চোট পেয়েছেন।
তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে এসআই আজিজ প্রথম আলোকে বলেন, ‘রাসেল যানজটে আটকে পড়েন। হাঁক দিলে নছিমন চালু করতে গিয়ে রাসেল অসুস্থ হয়ে পড়েন। পরে আমরাই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। আমি বা আমার কোনো পুলিশ তাঁকে পিটিয়ে জখম করেনি।’