নজরুলের সন্ধান পাচ্ছে না তাঁর পরিবার
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নজরুল ইসলাম (১৯) নামে এক যুবক ইজতেমায় গিয়ে নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার খারুয়া ইউনিয়নের খয়ারপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
নান্দাইল মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে বাড়ি ফেরার পথে গত বুধবার সন্ধ্যায় কথা হয় শফিকুল ইসলাম ও তাঁর ছোট ছেলে জাহিদুল ইসলামের সঙ্গে। শফিকুল জানান, ১৭ জানুয়ারি তাঁর বড় ছেলে নজরুল দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে বাড়ি থেকে টঙ্গীর উদ্দেশে রওনা হন। তিনি নিজে আগেই সেখানে চলে গিয়েছিলেন। ইজতেমা প্রাঙ্গণ থেকে ছেলে পৌঁছেছে কি না, জানার জন্য নজরুলের মুঠোফোনে একাধিকবার ফোন করেন তিনি। কিন্তু ফোনটি বাজলেও তিনি ছেলের কথা শুনতে পাননি। একবার
ছেলে ফোন রিসিভ করলেও শুধু ‘আব্বা’ বলে ডেকেছিলেন। আর কোনো কথা বলেননি। এর পর থেকে ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি টঙ্গী ও শ্রীপুর থানা এবং সেখানকার হাসপাতালগুলোতে ছেলের খোঁজ করেছেন। কিন্তু কেউ কিছু জানাতে পারেনি।
নজরুলের ছোট ভাই জাহিদুল জানায়, ইজতেমা শেষে নজরুল চাকরির খোঁজে তাঁর পূর্বপরিচিত রংপুরের বাসিন্দা রুবেল মিয়ার সঙ্গে দেখা করার কথা ছিল। রুবেল কয়েক মাস আগে নজরুলকে ঢাকায় রাজমিস্ত্রির কাজ জুগিয়ে দিয়েছিলেন।
জাহিদুল আরও জানায়, রুবেল ঢাকায় তিব্বত বল সাবানের ফ্যাক্টরিতে চাকরি করেন বলে বড় ভাইয়ের কাছে সে শুনেছে। ওই ফ্যাক্টরির কাছাকাছি কোনো একটি আটতলা ভবনের চারতলায় রুবেল অন্য সহকর্মীদের সঙ্গে থাকেন। কিন্তু রুবেলের মুঠোফোন নম্বর ও ঠিকানা বিস্তারিত না জানায় তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি নজরুলের পরিবার। পাঁচ দিন ধরে বড় ছেলে বাড়ি না ফেরায় নানা শঙ্কায় দিন কাটাচ্ছে পরিবারটি।