নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলার অভিযোগপত্র (চার্জশিট) থেকে অব্যাহতি পাওয়া আওয়ামী লীগের নেতা ইয়াছিন মিয়ার লোকজন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী ও স্বজনদের কাছে ১২ কোটি টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া বুকস গার্ডেনের বাসায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিনা ইসলাম অভিযোগ করেন, ‘এই মামলার এজাহারভুক্ত আসামি ইয়াছিন মিয়া ও আমিনুল রাজু ১৫ মাস পর এলাকায় ফিরে এসে আমার বাবা (নজরুলের শ্বশুর), ভাই, দেবর (নজরুলের ছোট ভাই), ভাগনে, মামাশ্বশুর ও অন্য আত্মীয়স্বজনদের নামে মিথ্যা অভিযোগে তিনটি মামলা দায়ের করেছে। যাদের নামে এই তিনটি মামলা দেওয়া হয় তারা সাত খুনের মামলার সাক্ষী। যাতে তারা সাত খুনের মামলায় সাক্ষী দিতে না পারে সে জন্য এই মামলা করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত নজরুলের ছোট ভাই আবদুস সালাম।
মুঠোফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে ইয়াছিন মিয়া ও আমিনুল রাজুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।