নড়াইল ও বরগুনায় তিন বাড়িতে ডাকাতি
নড়াইলের লোহাগড়ায় গত শুক্রবার রাতে একই এলাকার দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা এ সময় প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে। একই দিনে বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে।
লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্রামে ডাকাতির শিকার গৃহকর্তা গোলাম সরোয়ার বলেন, আটজন ডাকাত রাত আনুমানিক দুইটার দিকে ঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। এরপর ধারালো অস্ত্রের মুখে তাঁদের বেঁধে মারধর করে। পরে প্রায় তিন ভরি স্বর্ণালংকার, নগদ নয় হাজার টাকা, মুঠোফোন, কাপড় ও হাঁড়ি-পাতিলসহ ঘরের প্রায় সব মালামাল লুট করেছে।
আরেক গৃহকর্তা অলিয়ার রহমান বলেন, তাঁদের বাড়িতে রাত তিনটার দিকে ডাকাতেরা বারান্দার গ্রিল কেটে দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে।
লোহাগড়া থানার ওসি সুভাষ বিশ্বাস বলেন, এ দুই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্য আবদুল রাজ্জাক হাওলাদারের বাড়িতে একদল ডাকাত স্বর্ণালংকর ও অন্যান্য মালামাল লুট করেছে।
আবদুল রাজ্জাক জানান, রাত তিনটার দিকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল ঘরের পশ্চিম পাশ দিয়ে সিঁদ কেটে ঘরে ঢোকে। এ সময় পরিবারের সব সদস্যকে তারা বেঁধে ফেলে। পরে পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ চার হাজার টাকা, দুটি মুঠোফোন ও অন্যান্য মালামালসহ দেড় লাখ টাকার জিনিস লুট করে। শনিবার সকালে আমতলী থানা-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।